বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে আদালতের বিধি মোতাবেক দেওয়া এক মাসের সাজা এড়াতে দীর্ঘ ছয় মাস ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত পলাতক আসামি উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের ফারুক হোসেনের ছেলে আল আমিন(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন একটি চেক জালিয়াতি মামলায় আদালত কর্তৃক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি সাজা এড়াতে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে পুলিশ অভিযান পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান,
এক মাসের সাজাপ্রাপ্ত আসামি আল আমিন প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন।গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকরের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


