বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২২০ গ্রাম গাঁজাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় নগদ ৪৭ হাজার টাকা, ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং ৩ ভরি ৮ আনা রুপা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ৪ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৩ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশ জানায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


