TT Ads

 

বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ না থাকার অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। অভিযানটি পরিচালিত হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে।

অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস-কে ৭ হাজার টাকা, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার-কে ২০ হাজার টাকা এবং সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই সূত্র জানায়, গোয়েন্দা সদস্যরা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানগুলো মেয়াদ উত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং প্রয়োজনীয় সনদ ছাড়াই নিম্নমানের সেবা দিয়ে আসছিল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্য এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স অংশ নেয়।

এদিকে গোয়েন্দা সদস্যরা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের গোপন নজরদারি অব্যাহত থাকবে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *