ভোলা জেলার শশীভূষণ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ভোলা জেলার শশীভূষণ থানার মামলায় ২ নম্বর এজাহারনামীয় আসামি মো. আমজাদ (৩৫) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মামলাটি আব্দুর রহীম ওরফে ভূট্টো হত্যা সংক্রান্ত।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পলাতক আসামি মো. আমজাদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের আবুল হোসেন মার্কেট এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল গেল বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. আমজাদ ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর এলাকার আলতাফ রাড়ীর ছেলে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: শ্রীরামচন্দ্রের চিত্রপট অবমাননার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ
র্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
র্যাব কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


