মোঃ নুরুল হক খান:
বরিশালের মুলাদী উপজেলা-এর অন্তর্গত চরকালেখা ইউনিয়ন একসময় একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে সুপরিচিত ছিল। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শিক্ষিত, সচেতন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত অসংখ্য মানুষের বসবাস রয়েছে। সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকসহ নানা শ্রেণি-পেশার গুণী মানুষের জন্মস্থান হিসেবে এই ইউনিয়নের ছিল আলাদা সুনাম। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্যের জন্য দীর্ঘদিন ধরে এটি একটি অনুসরণীয় ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছিল।
কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, সাম্প্রতিক সময়ে এই ঐতিহ্যবাহী ইউনিয়নে মাদক, জুয়া ও সুদের ব্যবসার ভয়াবহ বিস্তার ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির অসাধু ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের প্রভাবের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলেও নানা ভয় ও চাপের মুখে নীরব থাকতে বাধ্য হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে ইউনিয়নের তরুণ ও যুব সমাজ। মাদক সহজলভ্য হয়ে যাওয়ায় অনেক যুবক বিপথগামী হয়ে পড়ছে। এতে পরিবারে অশান্তি, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামাজিক অবক্ষয় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে জুয়ার আসর ও সুদের কারবার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেকে সুদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, আবার জুয়ার নেশায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চরকালেখা ইউনিয়নের সামাজিক পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হবে। একসময়কার শান্তিপূর্ণ ও আদর্শ এই ইউনিয়ন ধীরে ধীরে অপরাধপ্রবণ এলাকায় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী, জুয়ার আসরের আয়োজক এবং সুদের কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যুব সমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চরকালেখা ইউনিয়নকে পুনরায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


