নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলোচিত মাহবুব আলম রাডী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ৪ জুলাই ২০২৬ বিকেলে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানার হরিণচরণ রায় সড়ক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত বজলুর রশিদ বয়াতীকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৮ জুন মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুব আলম রাডীর ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেয় অভিযুক্তরা। এর জেরে গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারচর এলাকার আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহবুব আলম রাডীর ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলার সময় প্রধান অভিযুক্ত বজলুর রশিদ বয়াতী লোহার রড দিয়ে মাহবুবের মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন সকাল ৬টা ১৫ মিনিটে চিকিৎসক মাহবুব আলম রাডীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত বজলুর রশিদ বয়াতীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


