TT Ads

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মনসুর ডাকুয়া (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৮ জুন) দুপুরে রাজধানীর খিলখেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে সংস্থাটি কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বশত্রুতার জেরে প্রধান আসামি শফিকুল ইসলামসহ মনসুর ডাকুয়া ও অন্যান্য অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন হাওলাদারের বড় ভাই আব্দুল হালিম হাওলাদার হামলা প্রতিহত করতে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে শাবল, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রধান আসামি শফিকুল ইসলাম শাবল দিয়ে আব্দুল হালিমের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মনসুর ডাকুয়াসহ অন্য আসামিরা তার হাত-পা চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে শাবল ও রড দিয়ে একাধিক আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ভাই দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার এড়াতে মনসুর ডাকুয়া বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত মনসুর ডাকুয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *