স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বারেক মাদবর (৫০) কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ২৮ জুন রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বর্ণমালা স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বারেক মাদবর শিবচর উপজেলার সাড়ে এগার রশি গ্রামের মৃত মোসলেম মাদবরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আলতাফ মাদবর (৪৫) ও বারেক মাদবর সম্পর্কে চাচাতো ভাই। অভিযুক্তের বাড়ির পানি ভুক্তভোগীর বাড়ির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে আলতাফ মাদবর বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে সেখানে উপস্থিত বারেক মাদবর তাকে দেখে গালিগালাজ শুরু করেন। আলতাফ গালিগালাজ করতে নিষেধ করলে বারেক ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়দের চিৎকার শুনে আলতাফের স্ত্রী ঘটনাস্থলে এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে পাচ্চর ইসলামি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


