TT Ads

 

ঝালকাঠি সদর উপজেলার কাটপট্টি এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মা—ছেলেসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাটপট্টি এলাকার দেলোয়ার ফকিরের ছেলে আকাশ ফকির, রিয়াদ ফকির এবং তাদের মা নেহার বেগম। আহতদের মধ্যে আকাশকে গুরুতর অবস্থায় বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষ নাটকীয়ভাবে আহত হয়ে মেডিকেল ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও তাদের স্বজনদের অভিযোগ, প্রায় ৮–৯ মাস আগে স্থানীয় বাসিন্দা শাহীন মৃধা আকাশ ফকিরের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ায় ঘটনার দিন রাতে আকাশ টাকা চাইতে গেলে শাহীন মৃধাসহ শামীম মৃধা, জিহাদ মৃধা, নাহিদ হাওলাদার, রাকিব, রাজিন হাওলাদার, নাসিমা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আকাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তার চিৎকার শুনে মা নেহার বেগম ও ছোট ভাই রিয়াদ এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আকাশকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, অপর পক্ষ শাহীন মৃধা ও তার মা নাসিমা চিকিৎসার জন্য শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ নিজেদের আহত দাবি করে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এ অভিযোগেরও স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *