মোঃ নুরুল হক খান, স্টাফ রিপোর্টার:
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁর জন্মভূমি চরকালেখানসহ পুরো মুলাদী উপজেলায় আনন্দের জোয়ার বইছে।
দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে তিনি উপ-সচিব পদ থেকে সম্প্রতি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মোহাম্মদ জহিরুল ইসলাম, মরহুম ফ্লাইট সার্জেন্ট (অব.) মোহাম্মদ নুরুল ইসলাম এবং রত্নগর্ভা মা জাহানারা ইসলামের জ্যেষ্ঠ সন্তান। তাঁদের তিন সন্তানের প্রত্যেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। মেজ ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
একই পরিবারের তিন সন্তানের এমন গৌরবোজ্জ্বল সাফল্য চরকালেখান ইউনিয়নের জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, মোহাম্মদ জহিরুল ইসলামের এই পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্ব ও সম্মানের বিষয়।
তাঁর সততা, কর্মনিষ্ঠা ও পেশাগত দক্ষতা ভবিষ্যতেও দেশের প্রশাসনিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ উপলক্ষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং চরকালেখান ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।


