বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ কর্মকর্তা ডিআইজি মোঃ গোলাম রউফ খান পিপিএম (বার) এনডিসিকে ঘিরে আবারও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বাধ্যতামূলক অবসরের সম্ভাব্য তালিকায় তার নাম থাকার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসন, স্থানীয় মহল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে “অন্যায় ও বৈষম্যমূলক” হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডিআইজি গোলাম রউফ খানের চাকরির মেয়াদ এখনো প্রায় নয় বছরের বেশি রয়েছে। এমন অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরের আলোচনায় আনা প্রশাসনের ভেতরে ও বাইরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দীর্ঘ কর্মজীবনের মূল্যায়ন বিবেচনায় নিয়ে এ সমস্যার দ্রুত সমাধান হবে।

অনুসন্ধানে জানা যায়, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি একাধিকবার রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার নাম আলোচনায় আসে। স্থানীয়দের দাবি, নির্বাচনের প্রথম দিকের ধাপগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত হওয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। এর পরপরই তাকে “বিএনপি-জামায়াতপন্থী” আখ্যা দিয়ে শাস্তিমূলক বদলি করা হয় বলে অভিযোগ ওঠে।

খুলনা থেকে স্ট্যান্ড রিলিজ করে তাকে বরিশালে পাঠানো হয়। পরবর্তীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয় তাকে। পরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) হিসেবে প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন। স্থানীয়দের ভাষ্য, এ সময়ে তিনি কঠোর পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

তবে তার কর্মজীবনের অন্যতম আলোচিত ঘটনা ২০১৮ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে অনিয়ম ও কারচুপি ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ায় তাকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে, ২০১৮ সালের ২৪ জুলাই, তাকে তড়িঘড়ি করে বরিশাল থেকে বদলি করা হয়। অভিযোগ অনুযায়ী, একদিনের মধ্যে বরিশাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে কোনো সরকারি যানবাহনের ব্যবস্থাও করা হয়নি। পরে তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এসপি হিসেবে পদায়ন করা হয়।

সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের ভেতরে নিরপেক্ষ ও সৎ কর্মকর্তাদের অনেক সময় রাজনৈতিক বিবেচনায় চাপের মুখে পড়তে হয় এবং ডিআইজি গোলাম রউফ খানও তার ব্যতিক্রম নন। প্রশাসনের অনেক কর্মকর্তা অনানুষ্ঠানিক আলোচনায় স্বীকার করেন, অতীতের বিভিন্ন ঘটনায় তিনি বারবার বৈষম্যের শিকার হয়েছেন।

স্থানীয়দের মতে, ডিআইজি গোলাম রউফ খান পিপিএম (বার) এনডিসি যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই একজন সৎ, নির্ভীক ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার দায়িত্বশীল আচরণ ও জনবান্ধব কর্মকাণ্ডের স্মৃতি এখনো সাধারণ মানুষের মধ্যে আলোচিত হয়। অনেকেই মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে মূল্যায়ন না করে তাকে বিতর্কিত তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা প্রশাসনের জন্য নেতিবাচক বার্তা বয়ে আনবে।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছেন। তিনি ভবানিপুর আসনে নির্বাচন করেছিলেন। সেখানে বিজেপি ও প্রধান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুভেন্দুর থেকে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি।

এরআগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। একটি আসনে ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে সেখানে ২০৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে মাত্র ৮৪টি আসনে এগিয়ে তৃণমূল।

ভবানিপুরের ২০ রাউন্ড ভোগ গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষে শুভেন্দুর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন মমতা। তখনই তার পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। জিততে হলে ২০তম ও শেষ রাউন্ডে তাকে বড় চমক দেখাতে হতো। কিন্তু সর্বশেষ রাউন্ডে ব্যবধান আরও অনেক বাড়ে।

বিজেপির বিরুদ্ধে একশরও বেশি আসন লুটের অভিযোগ মমতার

বিধানসভা নির্বাচনে বিজেপি একশরও বেশি আসন লুট করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া তিনি ধাক্কা দেওয়া  মারারও অভিযোগ করেছেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় সেখানে নির্বাচন হয়। আর আজ হয় ভোট গণনা। আজকের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে জয় পেতে যাচ্ছে। অপরদিকে তৃণমূল মাত্র ৮৪টি আসন পাচ্ছে।

এরমধ্যেই ফলাফল কারচুপির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মমতা কালিঘাটে তার বাড়িতে চলে গেছেন। এরআগে সাখাওয়াত নামে একটি গণনা কেন্দ্রে আসেন তিনি। সেখান থেকে বের হওয়ার সময় তাকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সবশেষ পাওয়া ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ‘দ্রাভিদা মুনেত্রা কাজাগাম’ (ডিএমকে) জোটকে বড় ব্যবধানে পেছনে ফেলে এককভাবে শীর্ষে রয়েছে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয় ও তার দল এখন পর্যন্ত ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ডিএমকে। গত নির্বাচনে ১৩৭টি আসনে জিতলেও এবার এখন পর্যন্ত তারা মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য আইডিয়াল ফিগার হলো ১১৮টি আসন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে বিজয় জানিয়েছিলেন, এটি তার কাছে কোনো শখের কাজ নয় বরং জনগণের সেবা করার একটি ‘মিশন’। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।

বিজয়ের এই আকস্মিক উত্থানকে বিশ্লেষকরা তামিল রাজনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বিজয়ের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত বিজয়ের ‘হুইসেল’ বিপ্লব তামিলনাড়ুর মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে কি না, তা নিয়ে এখন পুরো ভারতে চলছে ব্যাপক উত্তেজনা।

 

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কাজের ফাঁকে সবটুকু সময় সন্তানদের নিয়ে কাটান তিনি। ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়ে এখন তার সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একা হাতেই সব দায়িত্ব পালন করছেন এই নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। মাঝে মাঝেই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। এবার মেয়ে প্রিয়মের জন্মদিনে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন পরী।

মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে পরীমণি আবেগঘন ক্যাপশন লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো একটি মনোমুগ্ধকর ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে সাজানো টেবিলে রয়েছে সুন্দরভাবে তৈরি একটি থিম কেক, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পরিবার ও সন্তানদের নিয়ে পরীমণির এই ভালোবাসা নতুন নয়। ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করার পরপরই তা ভক্তদের ভালোবাসায় ভেসেছে। অনেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীর মাতৃত্বকে প্রশংসা করেছেন।

মৌলভীবাজারে পাকা বোরো ধান ঘরে তোলার আগেই কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে জেলার হাওরাঞ্চল। সোমবার (৪ মে) পানি কিছুটা কমায় ও দিনভর হালকা রোদ থাকায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যেসব ধান কাটার পর রোদের অভাবে নষ্ট হচ্ছিল এসব ধান কিছুটা হলেও শোকাতে পাড়ছেন কৃষকরা। হাওরে পানি কমার সঙ্গে সঙ্গে ভাসতে শুরু করছে পঁচে নষ্ট হয়ে যাওয়া ধান।

কৃষকরা জানান, এক সপ্তাহ পর আজ কিছুটা রোদে ধান শোকানো গেছে। যেসব কৃষক কষ্ট করে বুকসমান পানি থেকে ধান কেটে এনেছিলেন তাদের ধান রোদের অভাবে নষ্ট হচ্ছিল। অনেক ধান থেকে চারা গজিয়েছে। এক সপ্তাহ পর রোদে ধান শোকাতে পেরে স্বস্তি জানিয়েছেন তারা। তবে বেশিরভাগ ধান হাওরের পানির নিচে তলিয়ে আছে। জেলায় অন্তত ২০ হাজার কৃষক একেবারে ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরোধান চাষ করা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২৫৯৭ হেক্টর। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৮ হাজার ৫০০টি।

সরেজমিনে দেখা যায়, জেলার হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওর, কেওলার হাওরসহ বিভিন্ন এলাকায় বোরো ধান নিমজ্জিত রয়েছে। পানি কিছুটা নামতে শুরু করায় কিছু কিছু এলকায় ধান ভাসতে শুরু করেছে। তবে বেশিরভাগ ধান নষ্ট হয়ে গেছে। এক সপ্তাহ পর রোদের দেখা পাওয়ায় ধানের ঢিবি থেকে রোদে শোকাতে দিয়েছেন।

কৃষকরা বলেন, কৃষি অফিস ক্ষয়ক্ষতির সঠিক তথ্য উপস্থাপন করছে না। তারা সবসময় প্রকৃত ক্ষতির পরিমাণ এড়িয়ে যায়। হাওরের ৫০ শতাংশ কৃষক ধান কাটতে পারেননি। অথচ কৃষি অফিস থেকে বলা হচ্ছে ৮৮ শতাংশ ধান কাটা হয়েছে হাওরে। অনেক মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আবার কেউ কেউ এনজিওর ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। এখন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এসব কৃষক দিশেহারা হয়ে পড়ছেন।

কৃষক কামাল আহমেদ বলেন, বন্যা ও জলাবদ্ধতায় একসপ্তাহ ধরে হাওর এলাকাসহ বিস্তীর্ণ বোরো ফসল পানির নিচে থাকায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ধান কেটেছিলেন তরা শোকাতে পারেননি। আজ সকালে বৃষ্টির পর কিছুটা রোদ উঠেছে। হাওরের পানিও কমতে শুরু করেছে তবে ধান নষ্ট হয়ে গেছে একেবারে।

এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, জেলায় ২ হাজার ৫৯৭ হেক্টর জমির ধান পচে নষ্ট হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। প্রায় ১৮ হাজার ৫০০ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর হাওরে ধান অনেক ভালো হয়েছিল। তবে প্রকৃতিক দুর্যোগের কারণে ভালোভাবে ধান ঘরে তোলা যায়নি।

চোখ বাঁধা অবস্থায় দ্রুততম সময়ে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস বুকে নাম তুলেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের ফুলজুড়ী গ্রামের সিফাত আকন (১৮)। ১০টি মাস্ক পরতে তার সময় লেগেছে ১০ দশমিক ৩২ সেকেন্ড।

চলতি বছরের জানুয়ারি মাসে এই রেকর্ডের জন্য আবেদন করেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি আসে গত ২৮ এপ্রিল।

এ বিষয়ে সিফাত আকন বলেন, বছর চারেক আগে পত্রিকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-সংক্রান্ত একটি প্রতিবেদন আমার চোখে পড়ে। সেখান থেকে পরিকল্পনা শুরু করি। তখন ছিল করোনা কাল, তাই মাস্ক-সংক্রান্ত কিছু করার কথাই সবার আগে মাথায় এসেছিল। ঠিক করি, মাস্ক পরে রেকর্ড গড়বো।

তিনি বলেন, এই রেকর্ডটা প্রথম করেছিল একজন ভারতীয়। তিনি সম্ভবত ১১ দশমিক ৫৪ সেকেন্ডে করেছিলেন। তখনই আমি রেকর্ড ভাঙার কথা চিন্তা করি। কিন্তু ইচ্ছা থাকলেও কোথাও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাই নাই। তখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্পর্কে ধারণা পেতে ফেসবুক, ইউটিউবে ঘাঁটাঘাঁটি শুরু করি। সেখানেও কোনো পূর্ণাঙ্গ গাইডলাইন মেলেনি।

সিফাত আরও বলেন, হাল না ছেড়ে পুরো প্রচেষ্টায় শুরু করি, শুরুর দিকে ২৫-২৬ সেকেন্ড লেগে যেত। কারণ চ্যালেঞ্জ মূলত দুটি। প্রথমত চোখ বাঁধা থাকার কারণে মাস্ক হাতে তুলে নিতে সময় লেগে যায়। দ্বিতীয়ত, মাস্কটি ঠিকভাবে পরাও কঠিন। অনুশীলনের সময় মা, ছোট ভাই আর বন্ধু ইমনের উৎসাহ পাই। ১৮ জানুয়ারি প্রয়োজনীয় নথিসহ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করি। তিন মাস পর ২৮ এপ্রিল রাতে ই-মেইলে আমার রেকর্ডকে স্বীকৃতি দেয় গিনেস। খবর শুনে আমার চেয়েও বেশি খুশি হয়েছিলেন আমার মা।

সিফাত উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়তে চান। সিফাতের বাবা আবদুল জলিল একজন বনরক্ষী। আর মা গৃহিণী।

সিফাতের মা বেগম সুরমা বলেন, সামনে সিফাতের আরও রেকর্ড গড়ার ইচ্ছা। এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক মানুষকে জড়িয়ে ধরার রেকর্ড নিয়ে ভাবছেন সে। করতে চান এক মিনিটে সর্বোচ্চ ‘হ্যান্ডশেক’ এর রেকর্ডও।

সিফাতের বাবা জলিল আকন জানান, তার ছেলের সাফল্যে খুশি। গর্বের বিষয় সে ১০ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরিধান করে রেকর্ড গড়েছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এই প্রত্যাশা করেন।

ফুলজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন হোসেন বলেন, সিফাত আমাদের এলাকারই সন্তান। অনেক অধ্যবসায় করার ফলে তিনি ১০ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরিধান করে বিশ্ব রেকর্ড গড়েছে, এটি আমাদের এলাকার গর্ব। আমি ওর রেকর্ডটি নিজ চোখে দেখেছি। ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে, এটাই প্রত্যাশা করি।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার এই রেকর্ডের জন্য সিফাত আকনকে কার্যালয়ে ডেকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তাকে সব রকমের সহযোগিতা দিয়ে তার পাশে থাকার কথা বলেন ইউএনও।

 

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—এ আর এস স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টর স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস।

জানা গেছে, গত ১ মে সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। এর পরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় সৌরভ দাস। এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এক ক্ষুদে বার্তায় বিএমপির ডিসি (নর্থ) গণমাধ্যমকে জানিয়েছেন, আশা রাখছি অনতিবিলম্বে উদ্ধার করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এবিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

অপরদিকে নগরবাসী এ ঘটনায় পুলিশের সুস্পষ্ট বক্তব্য ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে।

বৃষ্টি ম‌্যাচে প্রভাব রাখতে পারে তা আগে থেকেই ধারণা ছিল দুই দলের। তাইতো বিকল্প পরিকল্পনা ছিল দুই দলেরই। কিন্তু বাংলাদেশ যেভাবে খেলল তাতে মনেই হলো না ম‌্যাচটায় বাংলাদেশ টিকে আছে। বৃষ্টি স্রেফ এলোমেলো করে দিল স্বাগতিকদের সিরিজ জয়ের স্বপ্ন।

 

গুমোট আবহওয়ায় টস জয় মানেই অনেকটা এগিয়ে যাওয়া। ভাগ্য এদিন নিউ জিল‌্যান্ডের পক্ষে। নিক কেলি টস জিতে বাংলাদেশকে ব‌্যাটিংয়ে পাঠালেন। ব‌্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই মন্দ বাংলাদেশের। ৩৫ রান তুলতে নেই ৩ উইকেট। এরপর বৃষ্টির বাগড়া। সেই বৃষ্টিতেই তছনছ সব। পরে বাংলাদেশ লড়াইয়ের চেষ্টা করেও পারেনি।

 

১৫ ওভারে নেমে আসা ম‌্যাচে বাংলাদেশ ১৪.২ ওভারে অলআউট মাত্র ১০২ রানে। শেষ ২৫ বলে মাত্র ১৬ রান তুলতে হারায় ৬ উইকেট।

স্বল্প সেই পুঁজি নিয়ে পেসার শরিফুল ইসলাম আগুণ ঝরালেন। ২৫ রানে তুলে নিলেন ৩ উইকেট। এরপর অধিনায়ক নিক কেলিকে বোল্ড করলেন স্পিনার মাহেদী। শুরুর লড়াইয়ে বড় আশায় বুক বাঁধছিল বাংলাদেশ। স্টেডিয়ামের প্রায় ১৮ হাজার দর্শকও সেই একই আশাতে। কিন্তু বেভন জ‌্যাকবস পাঁচে নেমে লণ্ডভণ্ড করে দিলেন সব। ৩১ বলে ৬২ রান করলেন ৫ চার ও ৩ ছক্কায়। তাতে বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায় সিরিজ নির্ধারণী ম‌্যাচ।

 

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউ জিল‌্যান্ড ৬ উইকেটে ম‌্যাচ জিতে ১-১ সমতায় শেষ করলো টি-টোয়েন্টি সিরিজ। ম‌্যাচসেরা হয়েছেন জ‌্যাকবস। আর ৮৪ রান নিয়ে সিরিজ সেরা হয়েছেন তাওহীদ হৃদয়।

বৃষ্টির আগে-পরে ব‌্যাটিং ব‌্যর্থতায় বাংলাদেশ সিরিজ হারিয়েছে। ২ চারে ১৬ রান করে সাইফ আউট হন লেনক্সের বলে এগিয়ে এসে ছক্কা উড়াতে চেয়ে। তানজিদ ১০ বলে ৫ রানের বেশি করতে পারেননি। লিটন আশা দিয়েছিলেন বড় কিছু করে দেখাবেন। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৬ রান করেন। কিন্তু বাংলাদেশের অধিনায়ককে থেমে যেতে হয় সেখানেই।

 

এরপর বৃষ্টিতে বাংলাদেশের স্বপ্ন ধূলিষাৎ হয়ে যায়। তাওহীদের ৩৩ রান বাদে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইকেটের মিছিলে পুরো ইনিংস ব্যাটিংও করতে পারেননি। তাতে অল্পরানেই শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। নিউ জিল‌্যান্ডের হয়ে পেসার জস ক্লার্কসন ৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন নাথান স্মিথ ও বেন সিয়ার্স।

শরিফুল বল হাতে ছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারে পান জোড়া সাফল‌্য। উইকেটের পেছনে তালুবন্দি করান কেটেন ক্লার্ক (১) ও ডেন ক্লেভারকে (১)। পরের ওভারে ফিরে টম রবিনসনকে (২৩) বোল্ড করেন বাঁহাতি পেসার। মনে হচ্ছিল নিউ জিল্যান্ড তখনও ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ম‌্যাচটা যেহেতু বাংলাদেশের ছিল না তাই কেউ না কেউ লড়াই করবেই। নিউ জিল‌্যান্ডের ত্রাতা হয়ে আসলেন জ‌্যাকবস। প্রতি আক্রমণে গিয়ে ২২ গজকে রানের ফোয়ারা বানিয়ে ছাড়লেন। ৫ চার ও ৩ ছক্কার ইনিংসটি ছিল পয়সা উসুলের। তাকে সঙ্গ দিয়ে ডেন ফক্সক্রফট ১৫ বলে ১৫ রান করেন। ১১.৪ ওভারেই জয় ছিনিয়ে নেয় তারা।

 

ওয়ানডে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি সিরিজ ড্র করে সফরের শেষটা রাঙাল নিউ জিল‌্যান্ড। এ জয়ে নিশ্চিতভাবেই তাদের আত্মবিশ্বাসে জোয়ার পাবে। অন‌্যদিকে ভালো অবস্থানে থেকেও সিরিজ হারিয়ে নিশ্চিতভাবেই হতাশায় ডুবে থাকবে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার রাতেই পর্দা নামছে এবারের পাকিস্তান সুপার লিগের জমজমাট আসরের। ৪৪ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হায়দরাবাদ কিংসম্যান ও পেশোয়ার জালমি। একদিকে প্রথম আসরেই ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে পুরনো গৌরব ফেরানোর লক্ষ্য।

 

এই মৌসুমে লিগে আর্থিক কাঠামোতেও এসেছে পরিবর্তন। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার, রানার্সআপ ৩ লাখ ডলার। আর খেলোয়াড় তৈরিতে সেরা ফ্র্যাঞ্চাইজি পাবে ২ লাখ ডলার। খেলোয়াড়দের জন্য আলাদাভাবে রাখা হয়েছে ৫ লাখ ডলারের পুরস্কারভান্ডার। যা লিগের পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

 

 

পেশোয়ার জালমি পুরো আসরজুড়ে ছিল সবচেয়ে স্থিতিশীল দলগুলোর একটি। অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেছেন ৫৮৮ রান। যা তাকে আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান বানিয়েছে। তার পাশে সমান তালে পারফর্ম করেছেন কুশল মেন্ডিস, যার সংগ্রহ ৫৪১ রান। বল হাতে দাপট দেখিয়েছেন সুফিয়ান মোকিম। ২১ উইকেট নিয়ে তিনি জালমির বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু।

 

১০ ম্যাচে ৮ জয়, তার মধ্যে টানা ৭ ম্যাচ জয়ের দুর্দান্ত ধারাবাহিকতা; এই ছন্দ নিয়েই ফাইনালে উঠেছে জালমি। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা। উপরন্তু, গতিময় পেসার নাহিদ রানা দলে ফেরায় শক্তি আরও বেড়েছে। যিনি মাত্র ৪ ম্যাচেই ৭ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসম্যানের গল্পটা যেন পুরোপুরি নাটকীয়। শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। টানা ৩ হারের পর জালমির বিপক্ষে শেষ বলে হার। মোট ৪ ম্যাচে পরাজয়। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় দলটি। টানা ৪ জয়ে ফিরে আসে প্রতিযোগিতায়। পরে শেষ লিগ ম্যাচে ১০৮ রানের বড় জয়ে নেট রানরেটে এগিয়ে গিয়ে পেছনে ফেলে দেয় লাহোরকে।

 

অধিনায়ক মার্নাস লাবুশেন দলের এই যাত্রাকে দেখছেন ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল হিসেবে। তার ভাষায়, দলটি ওঠানামার মধ্য দিয়েই নিজেদের শক্তি খুঁজে পেয়েছে।

নকআউটে এসে আরও চমক দেখায় কিংসম্যান। এলিমিনেটরে মুলতানকে হারিয়ে, পরে ইসলামাবাদের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে নিশ্চিত করে ফাইনাল। এই ধাক্কা সামলে ওঠার মানসিক শক্তিই এখন তাদের সবচেয়ে বড় সম্পদ।

 

অভিজ্ঞতা বনাম গতি- কার হাতে ট্রফি?
একদিকে জালমির ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতা, অন্যদিকে কিংসম্যানের লড়াকু মনোভাব ও গতি; সব মিলিয়ে ফাইনাল হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকে ভরা স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে মহারণ।

শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি- অভিজ্ঞ জালমি, নাকি স্বপ্ন দেখা নবাগত কিংসম্যান; তার উত্তর মিলবে আজ রাতেই।

স্প্যানিশ লিগের শিরোপা লড়াই এখন কার্যত একপেশে। শনিবার রাতে বার্সেলোনা শেষ মুহূর্তের নাটকীয়তায় ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

 

ম্যাচের বড় সময় জুড়েই গোলশূন্য ছিল লড়াই। তবে শেষ ১০ মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। ৮১ মিনিটে বদলি নামা মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে নিখুঁত ক্রস তুলে দেন। আর সেই বল হেডে জালে জড়িয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। গোলটি যেন জমে থাকা চাপ এক মুহূর্তেই ভেঙে দেয়।

 

 

এরপর মাত্র ৫ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। যদিও ম্যাচের ৮৯ মিনিটে রাউল গার্সিয়া একটি গোল শোধ করেন। তবু তাতে ফল বদলায়নি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

 

এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪ পয়েন্টে। হাতে আছে আর মাত্র ৪ ম্যাচ। অর্থাৎ, হিসাব এখন পরিষ্কার। রিয়াল যদি পরের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় না পায়, তাহলে এই সপ্তাহেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

আর যদি রিয়াল জয় পায়, তাহলে শিরোপা নির্ধারণ গড়াবে আরও এক সপ্তাহ। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচ হতে পারে মৌসুমের সবচেয়ে বড় নির্ধারণী লড়াই।