নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই কর্মীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক কর্মী।
আহত রফিকুল ইসলাম টিপু বরিশাল কলেজ শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত সাগর একই এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির কর্মী।
শুক্রবার রাত ১১টার দিকে নগরীর বরিশাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল সংক্রান্ত একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় অভিযুক্ত সাগর ধারালো অস্ত্র দিয়ে টিপুর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি







