নিজস্ব প্রতিবেদক// বরিশাল জেলার গৌরনদী উপজেলায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ডিজেল ও মবিল জব্দ এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গৌরনদী উপজেলার ৫নং ওয়ার্ডের সুরেন শিকদার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় হালিম মিয়ার দোকান ও বাসায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়।
সূত্র জানায়, এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম নজরদারিতে রাখছিলেন। পরে ছদ্মবেশে তেল ক্রয়ের মাধ্যমে নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে।
ঘটনার সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
এদিকে একই অভিযানের অংশ হিসেবে গৌরনদীর শরিকল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ও নবীন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা, মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।







