প্রথম ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রথমে বাকেরগঞ্জ এবং পরে উজিরপুর পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, বাকেরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন।


অপরদিকে, উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মেয়র পদে এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নয়জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়নপত্র জমা দেন। উজিরপুরে সংরক্ষিত কাউন্সিলর পদে আঁখি খানম নামে একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।


মনোনয়ন পাওয়া প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক :: দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে বলেন, বুধবার মধ্যরাতে র‌্যাবের টহল দল রত্নপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থানের খবর পান। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের পুত্র মনির হোসেনকে (৩৬) আটক করে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তার (মনির) শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এজাহারের বরাত দিয়ে ওসি আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মনির জানিয়েছে সে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাবের ডিএডি মোঃ আব্দুুল্লাহ বাদি হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বৌভাতের দিন বর মো. রফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

কয়েক দিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানের মেয়ে ময়নার বিয়ে হয়। সোমবার (৩০ নভেম্বর) ময়নাদের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। কিন্তু ক্ষণিকে বিয়েবাড়ির আনন্দ রূপ নিল বিষাদে। সেই সঙ্গে নামে কান্নার রোল।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিছুদিন পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। রফিকুল অসুস্থ থাকায় এতদিন বিয়ে করেননি। সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে হয়। সোমবার অনুষ্ঠান করে নববধূকে বাড়িতে তুলে আনেন। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মেয়েদের বাড়ির লোকজন ও স্থানীয় আত্মীয়-স্বজন বুধবার অনুষ্ঠানে উপস্থিত হন।

কিন্তু হঠাৎ করে সকাল ১০টার দিকে রফিকুল অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে দুপুর ১২টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

স্বামীর মৃত্যুর খবর পেয়ে নববধূ ময়না অজ্ঞান হয়ে পড়েন। তাকেও তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হন। বর্তমানে নববধূ চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের এমন মৃত্যু মানা যায় না। কয়েক দিন আগে বিয়ে করেছেন। আজ তার বাড়িতে অনুষ্ঠান। ভাগ্যের কি নির্মম পরিহাস। অনুষ্ঠানের দিন তার মৃত্যু হলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, বুধবার রফিকুল ইসলামের বাড়িতে বৌভাবের অনুষ্ঠান ছিল। অথচ এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হলো। রাত সাড়ে ৭টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

 

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে সুযোগ পেলেই এ গাড়িগুলো চলাচল করছে।

 

মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়।

 

তিনি আরও জানান, এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভা হয়।

 

সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী।

ঝালকাঠিতে স্বাস্থ্য সহকারীদের দাবি আদায়ের লক্ষ্যে ২৬ নভেম্বর শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রমে। বুধবার ৬ষ্ঠ দিনের মতো এ ধর্মঘট পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

লাগাতার ধর্মঘটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিশেষ করে টিকাদান বন্ধ থাকায় শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছেন মায়েরা।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি সমাবেশে বক্তৃতা করেন সভাপতি সৈয়দ বশির আহমেদ, সাধারণ সম্পাদক এনায়েত করীম, স্বাস্থ্যসেবা পরিদর্শক সাইদা সুলতানা ও শাহিন তারা প্রমুখ। স্বাস্থ্য সহকারীরা জানান, গত ২৬ নভেম্বর থেকে সারাদেশের সঙ্গে একযোগে ঝালকাঠিতেও কর্মবিরতি শুরু করেছেন তারা। তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, টেকনিকেল বেতন স্কেল, নিয়োগ বিধিতে স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতাসহ ভ্যাকসিন হিরো উপাধি প্রদান।

 

তৃণমূলের সেবা প্রত্যাশীরা জানান, করোনাকালে গ্রামের গরিব ও অসহায় মানুষ যদি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, তাহলে সেটা মরার ওপর খাঁড়ার ঘা হবে। কারণ তাদের সেবাগুলো একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। যার মধ্যে রয়েছে নবজাতক শিশুদের বিভিন্ন ধরনের টিকা প্রদান। অনির্দিষ্টকালের ধর্মঘট চলায় তৃণমূলের স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। কোনো স্বাস্থ্যকর্মী সেবা দিচ্ছেন না। এতে ভোগান্তি বেড়েই চলছে।

স্বাস্থ্য সহকারীরা জানান, পোলিও ও গুটিবসন্তের মতো ভয়ংকর রোগগুলো দেশ থেকে বিলুপ্ত করার পেছনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অপরিসীম অবদান রয়েছে। এরপরও কেন সরকার স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিচ্ছে না। এ দাবিগুলো মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

এ ব্যাপারে ঝালকাঠি জেলার স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি মো. জোবায়ের হোসেন জানান, কর্তা ব্যক্তিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় আমরা কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, আমরাও চাই না মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হোক। তাই সরকারের কাছে আহ্বান থাকবে যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো যেন মেনে নেয়া হয়।

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধরের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃতরা হলেন- নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীর।

কেন্দ্রীয় ছাত্রলীগ গত ৩০ নভেম্বর ওই তিন নেতাকে বহিষ্কার করে ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠায়।

জানা যায়, নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজশিক্ষক মামুন কবিরকে ব্লাকমেলিং করে দাবিকৃত তিন লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারধর করা হয়।

গত ১৭ নভেম্বর রাতে শহরের লঞ্চঘাট থেকে তাকে তুলে নিয়ে কলবাড়ি এলাকায় মারধর করা হয়। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ১৯ নভেম্বর রাতে নলছিটি থানায় মামলা করেন ওই শিক্ষক।

এ ঘটনায় ১৯ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি মে. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিন এক চিঠিতে অভিযুক্তদের কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে ওই তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে।


বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টায় মঙ্গলবার মামলা হয়েছে। ২৫ নভেম্বর যুগান্তরে ‘খাল ভরাট করে দখল, দায় এড়াতে নালা তৈরি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বরিশাল সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মেহেদী হাসান সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এরপরই সরকারের পক্ষ থেকে মামলাটি হয়।

জানা গেছে, ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামের মৃত শামসুদ্দীন মুন্সির ছেলে স্থানীয় প্রভাবশালী অ্যাডভোকেট বায়তুল আহমেদ মুন্সি, তার ভাই জামাল মুন্সি মাটি ফেলে খাল ভরাট করে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিল। এ ঘটনায় ২০১৮ সালে স্থানীয়রা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ করে। ইতিবাচক ফল আসেনি।

জানা গেছে, ইউনিয়নের কানাইপুরা থেকে মানিক চেয়ারম্যান বাড়ির সামনে থেকে খন্তাখালী গ্রাম পর্যন্ত প্রবাহিত হতো খালটি। এখন খালটি দখল করে বাগানবাড়ি নির্মাণের চেষ্টা করছেন দখলদাররা। স্থানীয় কৃষকদের অভিযোগ, খাল দখল করায় জোয়ার-ভাটার পানি আসতে পারে না। এ জন্য কৃষি কাজে মারাত্মক সমস্যা হচ্ছে। এই খাল দিয়ে নৌকায় মালামাল আনা-নেয়া এখন বন্ধ হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করেছেন এসি ল্যান্ড। এখনও আমার কাছে রিপোর্ট দেননি। রিপোর্টের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে। সহকারী ভূমি কমিশনার মেহেদী হাসান বলেন, আমি পরির্দশন করে সত্যতা পেয়েছি।

শামীম আহমেদ ॥ বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধার মাধ্যমে আনন্দ-উৎসবমূখর পরিবেশে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজনের মধ্যেদিয়ে উদ্যাপন করেছে বরিশাল সিটি মেয়র,জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

 

আজ বুধবার (২) ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জাতীর জনক বঙ্গবন্ধু ও দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পন করার মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ।

 

এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সজ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অংঙ্গ সংগঠনের সদস্যরা।

 

পরে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্ট, সহ-সভাপতি ও বরিশাল আইনজীবী সমিতি সভাপতি এ্যাড আফজাল হোসেন,প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু, এ্যাড গোলাম সরোয়ার রাজিব সহ বিভিন্ন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করে।

 

পরবর্তীতে মহানগর ও জেলা যুবলীগ,কৃষক লীগ শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ফলের শ্রদ্ধা জানান।

 

শ্রদ্ধা নিবেদনের পরপরই জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম প্রতিষ্ঠা বার্ষির্কীর সফলতা অগ্রগামী কামনা করে বেলুন- ফেস্টুন ও শান্তির প্রতিক উত্তোলন করে সিটি মেয়র, সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের সকল সেক্টরের নেতৃবৃন্দ।

 

বিকালে মহানগর আওয়ামী লীগের আয়োজনে শহীদ সোহেল চত্বর দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো, সাদেকুল আরেফিন।

 

র‌্যাব-৮ এর সদস্যদের অভিযানে ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-ব্রাক্ষ্মণবাড়িয়া সদরের ভাতসালা চাপুরইর এলাকার মো. ইসমাইল খানের ছেলে মো. ইয়াসিন আহমেদ (২৬) ও চাঁদপুর সদরের মহিশাদী ইউনিয়নের হামানপদ্দি এলাকার মো. মঈন উদ্দিন খানের ছেলে মো. মোসাহেদ খান মিশু (৩০)।

এর মধ্যে ইয়াসিন আহমেদ ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদুপরের শহীদ সলিমউল্লাহ রোডের একটি বাসায় এবং মোসাহেদ খান ওরফে মিশু মোহাম্মদুপরের আদাবর শেখেরটেক পিসি কালচার হাউজিং এর ৯ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করতেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

এর আগে মো. ইয়াসিনকে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদুপর ও মো. মোসাহেদকে আদাবর এলাকা থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব জানায়, আটক ইয়াসিন আহমেদ ও মোসাহেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে।

পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট।তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও স্বীকার করে।
এছাড়া বিভিন্ন সময় আগে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও আটকদের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মালবাহী ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয় যাত্রী গুরুতর জখম হয়েছে। আহতরা হলো মো. ফুর্তি (৬০) রবি (৪০) রাব্বি (২০) সগির (২২) আসমা (১৬) ও সীমা (২৬)। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় রবি, রাব্বি ও সগিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়ছে । পুলিশ এ ঘটনায় ট্রাক চালক আলামিনকে (২০) আটক করেছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে বরিশালে রেফার করা হয়ছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম বরিশালটাইমসকে জানান, মৎস্যবন্দর মহিপুরগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা।

এতে অটোরিক্সাটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক হয়েছে।’