পাওনা টাকা পরিশোধের আশ্বাসে নুরুল আমিনকে নারায়ণগঞ্জ থেকে বরিশালের মুলাদী উপজেলার শ্বশুরবাড়িতে খবর দিয়ে আনেন কামরুল ইসলাম। এরপর তাকে হত্যা করে হাত ও পায়ে ইট বেঁধে আড়িয়াল খাঁ নদে মরদেহ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্বজনরা।

তাদের অভিযোগ ঘটনার তিনদিন পর সিঙ্গাপুর চলে গেছে ঘাতক কামরুল!
হত্যাকাণ্ডে অভিযুক্ত কামরুলের শ্বশুর গ্রেফতার খোরশেদ আলম এভাবেই আদালতে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

নিহত নুরুল আমিন নারায়ণগঞ্জের সদর উপজেলার চরবক্তাবলী উপজেলার লক্ষ্মীনগর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে এবং হত্যাকারী কামরুল ইসলাম একই গ্রামের হানিফ ফকিরের ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলমকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।

বিচারকের কাছে জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়।
শনিবার (২২ অক্টোবর) সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র বলেন, কামরুলের পাসপোর্ট তদন্তে দেখা গেছে তিনি গত ৭ অক্টোবর বাংলাদেশে এসেছেন এবং ১৩ অক্টোবর সকালে সিঙ্গাপুর চলে গেছেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি তার শ্বশুরবাড়ি মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত ১২ অক্টোবর রাতে নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরবর্তী চর থেকে নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহের হাত ও পায়ে ইট বাঁধা থাকায় প্রাথমিকভাবে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পরদিন নৌপুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করে। এরপর বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে বরিশালেই দাফন করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে নুরুল আমিনের মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের বোন সোনিয়া আক্তার জানান, নুরুল আমিন ও কামরুল ইসলাম একসঙ্গে সিঙ্গাপুরে ছিলেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে লোক নেওয়ার ব্যবসাও করতেন তারা। কামরুলের কাছে নুরুল আমিন ২৫ লাখ টাকা পেতেন। একবছর আগে নুরুল আমিন সিঙ্গাপুর থেকে বাড়িতে চলে আসেন। পাওনা টাকার জন্য কামরুলকে চাপ দিলে কামরুল কালক্ষেপণ করতে থাকেন।

সোনিয়া আরও বলেন, গত ৭ অক্টোবর গোপনে কামরুল বাংলাদেশে এসে তার শ্বশুড়বাড়িতে অবস্থান নেন। নুরুল আমিনকে মোবাইল ফোনে কামরুল তার শ্বশুরবাড়িতে যেতে বলেন। কিন্তু টাকা না থাকায় যেতে পারবেন না জানালে কামরুল তার ছোট ভাই আরিফের মাধ্যমে নুরুল আমিনকে তিন হাজার টাকা পাঠান। গত ১০ অক্টোবর সকালে নুরুল আমিন ওই টাকা নিয়ে কামরুলের সঙ্গে দেখা করতে মুলাদী গেলে হত্যার শিকার হন।

নুরুল আমিনের পরিবারের সদস্যদের ধারণা, পাওনা টাকা চাওয়ায় কামরুল তার শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় নুরুল আমিনকে হত্যা করে লাশ নদীত ফেলে দিয়েছে।

নাজিরপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন আসামি হিসেবে কামরুল ইসলামের শ্বশুর খোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তার মেয়ে জামাতা কামরুল মোবাইল ফোনে নুরুল আমিনকে ডেকে এনে খুন করেছে। খুনের পর লাশ নদীতে ফেলে সে সিঙ্গাপুর চলে যায়।

কামরুলের মরদেহ ফেরত পেতে বরিশাল আদালতে আবেদন করেছেন তার স্বজনরা। রোববার (২৩ অক্টোবর) এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন বিচারক।

 

নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বরিশালে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ অক্টোবর) বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এবং নতুন বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে খোলা চিনি বিক্রি করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

 

 

বরগুনার যুবলীগ নেতা খোকন হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

এদিন ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে জাফরকে গ্রেফতার করা হয়। বরগুনা থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শ মারুফ আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে সাবেক ইউপি সদস্য জাফরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, চলতি বছরের পহেলা জুলাই দুপুর ১২টার দিকে ফুলঝুরি নদীর মোহনা থেকে যুবলীগ নেতা খোকনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এই মামলায় আরও দু’জকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার রাসেল ও কনু।

 

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় নেশাগ্রস্ত হয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে মারাত্মক যখম করার অভিযোগ পাওয়া গেছে মাদক সেবীদের বিরুদ্ধে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাফানিয়া গ্রামের নীলখোলার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম সিফাত ইসলাম শান্ত, সে ওই এলাকার ঠিকাদার রিয়াজ হাওলাদার এর ছেলে ও কাগাসুরা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শান্ত জানান, শনিবার বিকেলে শান্ত ও তার এক বন্ধু রাকিবকে নিয়ে নীল খোলার পর একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে যায়।
টুর্নামেন্টের আলোচনা শেষে বাসায় আসার পথে নীল খোলার পাড় দোকানের পিছনে শান্ত প্রসাব করে। এ সময় তিন বখাটে হাসান, রাহুল ও মইনুদ্দিন মাদক সেবন করতে ছিল। পরে আসার সময় শান্তকে নেশাগ্রস্ত হয়ে এখানে আসার জিজ্ঞাসাবাদ করে। শান্ত প্রসবের বিষয়টি বললে বখাটেরা অবিশ্বাস করে তার উপরে ক্ষিপ্ত হয়।
একপর্যায়ে হাসান, রাহুল মইনুদ্দিন শান্তকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় শান্তর বন্ধু রাকিব ভয়ে পালিয়ে গিয়ে লোকজন খবর দেওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় পরিবারের সহযোগীরা আহত শান্তকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় কাউনিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের-স্বজনরা জানান।

নিজস্ব প্রতিবেদক ::: মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত ও শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে বরিশাল মহানগর যুবদল বিক্ষোভ সমাবেশ করে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফকির বাড়ি রোড থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি সদর রোড প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল , সহ সাধারণ সম্পাদক জুম্মান হাওলাদার, প্রচার সম্পাদক জিহাদ সরদার, মো রাজু খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ভোলার দৌলতখানে এক তরুণী ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখন বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ওই তরুণী (১৮) ও তার পরিবার।

অভিযুক্ত আলমগীর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তাহের মোল্লার ছেলে। তিনি তিন সন্তানের জনক ও পেশায় জেলে।

ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত আলমগীরের ছোটভাইয়ের সঙ্গে ভুক্তভোগীর বড়বোনের বিয়ে হয় সাত মাস আগে। এ সুযোগে আলমগীর তাদের ঘরে আসা-যাওয়া করত। গত ২২ ফেব্রুয়ারি তার মা ইউনিয়ন পরিষদে চাল আনতে যান। এ সময় ঘরে একাই ছিলেন তরুণী।

এ সুযোগে আলমগীর পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই আলমগীর তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এদিকে এলাকায় ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের বড় বোনের সঙ্গে অভিযুক্ত আলমগীর তার ছোটভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। স্বামী পরিত্যক্ত হয়ে তার বোন এখন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করছেন।

ভিকটিমের মা বলেন, আমার অনুপস্থিতিতে ঘরে একা পেয়ে আলমগীর পিতৃহারা মেয়েকে ধর্ষণ করেছে। তার গর্ভে এখন ছয় মাসের সন্তান। তিনি তার মেয়ের গর্ভের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান।

ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম বলেন, ঘটনাটি জানতে পেরে ভিকটিমের পরিবারকে ডেকে এনেছিলাম। কিন্তু তারা আমার কাছে এ ব্যাপারে কিছু প্রকাশ করেননি।

অভিযুক্ত জেলে আলমগীর তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী খোকন সিকদারের (৩৫) বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করলেও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন তাকে ছাড়িয়ে নেয়।

এ ঘটনার পর দপ্তরি খোকন সিকদারের বিচারের দাবিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রতিদিন সকালে প্রাইভেট পড়ায়। শুক্রবার সকালে বিদ্যালয়ের কক্ষের দরজা আটকে সে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে।

ওই ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত দপ্তরির ভাই জাহাঙ্গির হোসেন সিকদার এসে ধর্ষণচেষ্টাকারীকে লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ঘটনার বিচারের দাবিতে ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। তারা অভিযুক্ত দপ্তরিকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শনকারী নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদ সহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।

বুধবার রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন সাহা বলে জানায়। পরবর্তীতে আটককৃতের কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ছয় বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই নয়নকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত ও শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে বরিশাল মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লাইন রোড থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি সদর রোড প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহান, রাজু খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কুয়াকাটা সমুদ্রসৈকতে নববধূকে নিয়ে হানিমুনে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন মনিরুল ইসলাম নামে এক পর্যটক। পরে ওই দুর্বৃত্তদের হাত ধরে নববধূ পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেটসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে তাদের হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি তার স্ত্রী নুরে জান্নাতকে।

মারধরের শিকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল ইসলাম বলেন, রাতে সৈকতের জিরো পয়েন্টে স্বামী-স্ত্রী দুজনে দাঁড়িয়েছিলাম। আকস্মিক আমাকে ৪-৫ জন লোক মারধর শুরু করে। আমি বাঁচার চেষ্টা করি এবং স্ত্রীকে আঁকড়ে ধরি। এ সময় আমাকে ছেড়ে আমার স্ত্রী হামলাকারীদের হাত ধরে চলে যায়।

সৈকতের আচার দোকানি প্রত্যক্ষদর্শী খায়রুল বলেন, স্বামী-স্ত্রী দুজনকে সৈকতে নামতে দেখেছি। এর কিছুক্ষণ পর তাকে (পর্যটক মনিরুল) রক্তাক্ত অবস্থায় ট্যুরিস্ট পুলিশ বক্সে নিয়ে আসে।

নববধূ নুরে জান্নাতের বাবা হারুন অর-রশিদ মোবাইল ফোনে বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে আমার মেয়ে এখন কোথায় আছে এখনো জানতে পারিনি, বিষয়টি পারিবারিকভাবে আমরা দেখব।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করি, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আহত পর্যটক মনিরুল ইসলামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।