আসাদুজ্জামান শেখ //
ঝালকাঠির রাজাপুরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা মোঃ ফেরদৌস রিপন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ব্যাটারি চুরিতে বাধা দেওয়াই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।
সূত্র জানায়, সন্ধ্যার দিকে বাড়ির কাছেই অবস্থানকালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে রিপনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। সেখানেও পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, দেশীয় অস্ত্রের আঘাতে তার দুই হাতের একাধিক রগ কেটে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
গুরুতর আহত রিপন জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অটোরিকশার ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয়। এর আগেও তিনি চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিয়েছিলেন। ঘটনার দিন একই এলাকার তিনটি অটোরিকশার ব্যাটারি চুরি হলে তিনি অভিযুক্ত মাহমুদের বাড়িতে গিয়ে ব্যাটারি ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদ, শহীদ, চয়নসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, চুরি সিন্ডিকেটের পাশাপাশি রাজনৈতিক বিরোধ বা পূর্ব শত্রুতার জেরেও এ হামলা হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।







