স্টাফ রিপোর্টার, বরিশাল:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলম কমিশনারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই-এর যৌথ অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুকে আটক করা হয়।
অভিযানে জানা যায়, শামসুল আলম শিমুর নামে সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদের অনুমতি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে প্রায় ২০০০ থেকে ২৫০০টি সিলিন্ডার অবৈধভাবে নিজ বাড়িতে মজুদ করে রেখেছিলেন। এসব সিলিন্ডার তিনি উপজেলা সদরের বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে মজুদকৃত সিলিন্ডার দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয় এবং অনুমতিপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনার শর্তে ১ হাজার টাকার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।







