স্টাফ রিপোর্টার, বরিশাল:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগরীতে একযোগে অভিযান চালিয়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই, বরিশাল জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে যৌথ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীট (রিএজেন্ট) ব্যবহার এবং প্রয়োজনীয় সনদপত্র না থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (৪০ হাজার টাকা), হেলথ এইড মেডিকেল সার্ভিসেস (১০ হাজার টাকা), নোভা মেডিকেল সার্ভিসেস (১০ হাজার টাকা), ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (৪৫ হাজার টাকা), বরিশাল সিটি জেনারেল হাসপাতাল (২০ হাজার টাকা), গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার (৭ হাজার টাকা), নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস (৫০ হাজার টাকা) এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর গোপন নজরদারি চালিয়ে আসছিল এনএসআই। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স অংশ নেয়।
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন অনিয়মের বিরুদ্ধে তাদের গোপন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।







