মোটর সাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষে আজিজুল হক (৩৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত আজিজুল গৌরনদী উপজেলার কালনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই মুজাম্মেল হক জানান, সোমবার দুপুর বারটার দিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের উত্তর পাশে মোটর সাইকেল-মাহেন্দ্রার সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আজিজুল ও মাহেন্দ্রা চালক গুরুতর আহত হয়। স্বজনরা মোটর সাইকেল চালক আজিজুলকে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার (আজিজুল) মৃত্যু হয়। এ ঘটনায় মাহেন্দ্রাটিকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণার পর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে উত্তর উলানিয়াতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

উলানিয়া উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরী সাংবাদিকদের জানান, রোববার (৬ ডিসেম্বর) দিনগত রাতে নির্বাচন স্থগিত হওয়ার সংবাদ পৌঁছালে তার সমর্থকদের ওপর এলোপাথাড়ি হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা।

সোমবার সকালে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের নেতৃত্বে উত্তর ইউনিয়নের সলদি গ্রামে স্বতন্ত্র প্রার্থী মিঠু চৌধুরীর সমর্থকদের বাড়ি-ঘরে ওই হামলা চালানো হয়।


এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজল রাড়ি (৬০), হাকিম রাড়ি (৫৫), উকিল রাড়ি (৪৮) ও মাইদুল রাড়িকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাদের বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল, এসআই মিজান ও এসআই রবীন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের বাকেরগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. এসকেন্দার হাওলাদার (৮০) নামের এক পথচারী নিহত হয়েছেন।গতকাল রোববার সন্ধ্যার পরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তিনি মৃত মোনতাজ উদ্দীন হাওলাদারের বড় ছেলে।

নিহতের চাচাত ভাই আ. বারেক হাওলাদার জানান, নামাজ পড়ে মসজিদ থেকে রাস্তা পাড় হয়ে বাড়ি ফেরার পথে একটি বাস পেছন দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে পদ্মা নদীতে একটি ডাম্প ফেরি ডুবে গেছে। সোমবার দুপুর ১টার দিকে ফেরিটি পুরো ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপে ধাক্কা লেগে ডাম্প ফেরি রানীগঞ্জের তলায় ফাটল ধরে। পরে যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে নোঙর করা হলে ফেরিটি ডুবে যায়।

বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে ডাম্প ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় এটির তলা ফেটে যায়। পরে রাত ৪টার দিকে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে এনে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়।

তবে ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। সোমবার দুপুর ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও নগর আওয়ামী লীগ।

বিজ্ঞাপন
রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে বরিশাল নগরীতে বিশাল জনসমাগম হয়।

দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বিজ্ঞাপন
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনেও এই মৌলবাদী চক্র জামায়াত ইসলাম ও তাদের সহযোগীরা ইসলামের দোহাই দিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই জামায়াত আর ধর্মন্ধগোষ্ঠি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনার বাংলায় স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। জাতির জনকের ভাস্কর্য এদেশে হবেই, তাতে কেউ বাঁধার সৃষ্টি করলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ ত্রিশ ওয়ার্ডের নেতা-কর্মীরা। এসময় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বান্দররোডস্থ প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আমেনা বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, সকালে রূপাতলী থেকে দু’জন যাত্রী নিয়ে লঞ্চঘাট যাচ্ছিল একটি অটোরিকশা।


পথে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সংস্কারাধীন সড়ক অতিক্রমকালে রূপাতলী থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আমেনা।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলায় উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর স্থানীয় স্থানীয় দুই সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং পঙ্কজ দেবনাথের কর্মীদের এই সংঘাতে অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দুগ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ডাক দিয়ে মাঠে নামলে হাসানাত অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু সিকদার এবং পঙ্কজ অনুসারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও এই সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হিজলায় পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মাঠে নামে বরিশাল-১ আসনের এমপি (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ’র অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু সিকদার এবং বরিশাল-৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) সাংসদ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীরা। পঙ্কজ অনুসারীরা আগেভাগেই উপজেলা চত্ত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন। সমাবেশ চলাকালে বিশালাকারের বিক্ষোভ মিছিল নিয়ে একই স্থানের দিকে হাসানাত আব্দুল্লাহ অনুসারী উপজেলা আ’লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপু সিকদার আসতে চাইলে তাতে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের কর্মীরা বাধা দেয়। এনিয়ে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়।

একাধিক নেতাকর্মী ঘটনার বর্ণনা দিয়ে বলেন- ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে উভয় নেতার কর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এতে উভয় নেতার অন্তত ২০ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতাল ও বরিশালে প্রেরণ করা হয়েছে। তবে এর আগেই পুলিশ ভুমিকা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই বিষয়ে জানতে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বরিশাল জেলায় কোভিড-১৯ প্রতিরোধে “No Mask, No Service” প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

আজ ৬ ডিসেম্বর বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ প্রতিরোধে মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমে ৬৭ জন ব্যক্তিকে ৩০ হাজার ২শত ৫০ টাকা অর্থ দন্ড প্রদান করেন উপজেলার নির্বাহী অফিসার’রা।

 

বরিশাল জেলায় কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান জেলার সর্বত্র স্বাস্থ্য বিধি অনুসরণে “No Mask, No Service–মাস্ক পরিধান করুন, সেবা নিন” শীর্ষক প্রচারণার পদক্ষেপ গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ নেন। তার অংশ হিসাবে আজ বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, মাস্ক বিতরণ ও সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়।

 

বরিশাল মহানগর

মাস্ক পড়তে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে নগরীর আমতলা মোড়, সাগরদী ও রুপাতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ১৬ ব্যক্তিকে মোট ৬হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাজার রোড, আমানতগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এসময় স্বাস্থ্যবিধি ভংগ করায় ৫ জন ব্যক্তি কে ৮হাজার ৭শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

 

 

অপর একটি অভিযানে গতকাল সন্ধ্যায় মাস্ক পড়তে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে নগরীর লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই। স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ৯ ব্যক্তিকে মোট ২হাজার ৭শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম

 

বাবুগঞ্জ

বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে করোনা ভাইরাস মহামারী চলাকালীন স্বাস্থ্য বিধি পরিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আমীনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাবুগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি পরিপালন করার লক্ষ্যে সচেতন করা হয় এবং যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৪ ব্যক্তিকে ৩হাজার ৩শত টাকা অর্থদণ্ড করা হয়।

 

 

মোবাইল কোর্ট চলাকালীন অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের উপজেলা প্রশাসন, বাবুগঞ্জ, বরিশাল তত্ত্বাবধানে তৈরিকৃত মাস্ক পরিয়ে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।

 

মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা করে বাবুগঞ্জ থানা পুলিশের বাবুগঞ্জ থানার এস আই মোঃ মাহতাব উদ্দিনসহ পুলিশ ফোর্স।

 

উজিরপুর

নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনতি বিশ্বাস এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে ৫হাজার ২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

গৌরনদীতে মাস্ক পড়তে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে গৌরনদী উপজেলার ” টরকী বন্দর” এলাকায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ ব্যক্তিকে মোট ১হাজার ৪শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একই সময় জনসাধারণের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাস্ক বিতরণ করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক অহিদ ও তার টিম।

আগৈলঝাড়া

নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

বাকেরগঞ্জ

মাস্ক পড়তে জনসাধারণকে সচেতন করতে বাকেরগঞ্জ এর উপজেলা পাড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট। স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ৮ ব্যক্তিকে মোট ৯শত ৫০টাকা অর্থদণ্ড করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

 

এছাড়া বরিশাল জেলার অন্যান্য উপজেলায়ও যথারীতি “No Mask, No Service” বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি অনুসরণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বলেন, বরিশালবাসীর কল্যাণে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৪ ও নারী সাতজন। হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে একজন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৩৮ জনে দাঁড়াল।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত ৬ হাজার ৮৩৮ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২৩১ জন (৭৬ দশমিক ৫০ শতাংশ) ও নারী এক হাজার ৬০৭ জন (২৩ দশমিক শূন্য ৫০ শতাংশ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচ, পঞ্চাশোর্ধ্ব চার এবং ষাটোর্ধ্ব ২১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিন, রাজশাহীতে এক, খুলনায় এক, বরিশালে দুই, সিলেটে দুই, রংপুরে দুই ও ময়মনসিংহে দুই।

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:: পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে মকবুল হাওলাদার (৪০) ও জহিরুল ইসলাম খান (৩২) নামে দুই মাদক ব্যবসাযীকে ১১ বোতল বিদেশী মদসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার সন্ধ্যায় কুয়াকাটার কেরানিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মকবুল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের মৃত ধলু হাওলাদারের ছেলে ও জহিরুল খুলনার তেরখাদা উপজেলার ছাগলদা ইউনিয়নের বাচ্চু খানের ছেলে।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন বরিশালটাইমসকে জানান, মকবুল দীর্ঘদিন ধরে কুয়াকাটার বিভিন্ন হোটেলে দেশী বিদেশী মদ সাপ্লাই দিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১১ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’