বরিশালের রাজপথে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় দুঃসময়ে সাহসী ভূমিকা রাখার কারণে পরীক্ষিত নেতা বেলায়েত হাওলাদারকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল যুবদলের নেতাকর্মীরা। নগরী ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে এখন একটাই আলোচনা, “ত্যাগীদের মূল্যায়ন চাই, মাঠের কর্মীদের নেতৃত্বে আনতে হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখনও রাজপথে সক্রিয় ছিলেন বেলায়েত হাওলাদার। আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং, সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়ে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দল যখন কঠিন সময় পার করেছে, তখন বেলায়েত হাওলাদার মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার এই ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।
একাধিক নেতাকর্মী বলেন, “বেলায়েত হাওলাদার শুধু একজন নেতা নন, তিনি মাঠের একজন কর্মীবান্ধব সংগঠক। সুখে-দুঃখে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। দলের দুর্দিনে যারা রাজপথে ছিল, তাদেরই নেতৃত্বে আনা সময়ের দাবি।”
স্থানীয় যুবদলের অনেক কর্মী মনে করেন, নতুন নেতৃত্বে তরুণ ও ত্যাগী নেতাদের প্রাধান্য দিলে সংগঠন আরও গতিশীল হবে। তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন, তাদের মূল্যায়ন করলে দল আরও শক্তিশালী অবস্থানে যাবে।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান সময়ে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ মাঠের রাজনীতিতে সক্রিয় এবং নেতাকর্মীদের আস্থাভাজন নেতারাই ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে পারেন।
এদিকে বেলায়েত হাওলাদারের অনুসারীরা জানান, ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দল ও সংগঠনের স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ফলে নতুন কমিটিতে তাকে মূল্যায়ন করা হলে নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা যাবে।
তৃণমূল যুবদলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলের জন্য নিবেদিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর সেই বিবেচনায় বেলায়েত হাওলাদারকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় বরিশালের যুবদলের বৃহৎ একটি অংশ।


