নিজস্ব প্রতিবেদক:
বরিশাল–৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ার বিজয়ী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব আহমেদ। নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরোয়ারকে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় সাকিব আহমেদ বলেন, এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক চেতনার বিজয়। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে রাজনীতি করার ফলেই এডভোকেট সরোয়ার আজ জনগণের আস্থা অর্জন করেছেন বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন বলেও জানান সাকিব। ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহ দেওয়া, নানা জটিলতায় সহায়তা করা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন।
সাকিব আহমেদ আরও বলেন, তরুণ প্রজন্ম সব সময় গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে। বরিশাল–৫ আসনের মানুষ যে প্রত্যাশা নিয়ে রায় দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিজয়ী প্রার্থীর নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত নেতাকর্মীরা বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সাকিব আহমেদের নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও সংগঠক হিসেবে পরিচিত সাকিব আহমেদ বলেন, জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আগামী দিনেও বরিশালের মানুষের পাশে থাকবেন তারা। বিজয়ের এ ধারাবাহিকতা ধরে রাখতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







