TT Ads

বরিশাল নগরীতে পরিকল্পিতভাবে নারীকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম। তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, পরিচয়ের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত শাহিন তার স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। সর্বশেষ ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের সঙ্গে মোবাইলে পরিচয় গড়ে তোলা হয়। একপর্যায়ে তাকে বরিশালে ডেকে নগরীর কলেজ রো এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে কৌশলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শহরে এ ধরনের প্রতারণা বাড়ছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অপরিচিত ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার আগে পরিচয় যাচাই এবং সন্দেহজনক প্রস্তাব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

TT Ads