বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে মধ্যরাতে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আহত ফাহাদ চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চরাদী ইউনিয়নে ফাহাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
ফাহাদের স্বজনরা জানান, যুবলীগ কর্মী আরিফ, জাতীয় পার্টির কর্মী ও চরাদী ইউনিয়ন পরিষদের সদস্য রানা, রিয়াজ ও চাদমারী এলাকার বাপ্পিসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই পরিবারের সদস্যরা তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ৯টায় হলতা বাজারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে চরাদী ইউনিয়ন ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা জানান, ফাহাদের ওপর হামলার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।







