নিজস্ব প্রতিবেদক //
বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জেরে ডেকে নিয়ে এক যুবকের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামি, কিশোর গ্যাংয়ের লিডার কালা সজীব ওরফে টোকাই সজীবকে শনিবার আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর শাহ পরান সড়কের বাসিন্দা মোঃ সুমন আহম্মেদ তার ছেলে জান আহম্মেদের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জান আহম্মেদের বিরোধ চলছিল।
গত ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় জান আহম্মেদকে। পরে কোতোয়ালী থানাধীন বিসিসি ১৫ নম্বর ওয়ার্ডের পরস সাগর মাঠের উত্তর-পশ্চিম কোণে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এসএস পাইপ (রড) দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় তার মুখ, নাক ও কানে মারাত্মক আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জান আহম্মেদকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামি কালা সজীব ওরফে টোকাই সজীবকে শনিবার বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোড এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আটক করেন বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই রবি আহসান।
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।







