TT Ads

নিজস্ব প্রতিবেদক // জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের এলাকায় মেসার্স হাওলাদার স্টোর ও সিকদার স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআইয়ের যৌথ টিম।

অভিযানে স্থানীয় ডিলার আব্দুল কুদ্দুস হাওলাদার ও মো. সাইদুর রহমান সিকদারকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী মোট ৮ হাজার টাকা (৫ হাজার + ৩ হাজার) জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের নিকট থেকে মজুদকৃত ২৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোল (মোট ৩০০০ লিটার) জব্দ করা হয়।

জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় ট্রলার চালক, ট্রাক্টর চালক, স্পিডবোট চালক ও আলফা চালকদের মাঝে নিলামের মাধ্যমে বিক্রি করে ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা পাওয়া যায়, যা নিয়ম অনুসারে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, দুই ডিলার বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার মিশু ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে এনে ফেরিঘাট সংলগ্ন নিজ দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন পর্যবেক্ষণের পর আজ তাদের দোকানে অভিযান চালিয়ে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানে বরিশাল জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে যেকোনো তথ্য দিলে গোপনীয়তা রক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয় ট্রলার ও নৌযান চালকরা প্রশংসা করেছেন।

TT Ads