TT Ads

 

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ২টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার সরিকল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেসার্স রহমান ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আ. রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ইলেকট্রনিকসের দোকানে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার “খান এন্টারপ্রাইজ”-এর নামে মেঘনা অয়েল ডিপো থেকে ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার অকটেন সংগ্রহ করে গৌরনদীতে এনে মজুদ করেন।

পরে এনএসআই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়সহ জ্বালানি তেল ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বাজারের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সরিকল বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং গৌরনদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অসাধু ব্যবসায়ী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।

 

TT Ads