নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের বানারীপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (রাত ৭টা) উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীবের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই’র যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়া যায়।
এ সময় লাইসেন্সবিহীনভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা মো. আমান (পিতা: মৃত আব্দুর রাজ্জাক) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. আমান নিজ এলাকায় ব্যবসায়ী হলেও বানারীপাড়ার আবাসিক এলাকায় গোপনে একটি গোডাউন ভাড়া নিয়ে প্রায় ১৮০ থেকে ২০০টি গ্যাসভর্তি সিলিন্ডার মজুদ করে আসছিলেন। গোপন নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে কৌশলে তাকে ঘটনাস্থলে এনে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।







