নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বেতাগী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এবার নিশানা করা হলো এক নিরীহ স্কুল শিক্ষার্থীকে। প্রকাশ্যে, দিনের আলোয়, স্কুল মাঠ থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার (দুপুর সাড়ে ১১টার দিকে) উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের রানিপুর ৫ নম্বর ওয়ার্ডে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী এমএম আন (৯) স্থানীয় গড়িয়া বুনিয়া ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীর পিতা আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রতিবেশী মোখলেছুর রহমান হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বর্তমানে মামলাও চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোখলেছুর রহমান প্রায়ই আমিনুল ইসলামের পরিবারকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। এমনকি প্রাণনাশের ভয়ভীতিও দেখানো হতো বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ঘটনার দিন সকালেই নিয়মমতো স্কুলে যায় এমএম আন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সাড়ে ১১টার দিকে ক্লাস শেষে স্কুল মাঠে বের হলে অভিযুক্ত মোখলেছুর রহমান হাওলাদার ও তার স্ত্রী ময়না বেগম তাকে ডেকে নিজেদের কাছে নেয়। এরপরই শুরু হয় বর্বর নির্যাতন।
অভিযোগ রয়েছে, প্রথমে ময়না বেগম একটি লাঠি দিয়ে শিশুটিকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মোখলেছুর রহমান হাওলাদার তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অসহায় শিশুটি তখন প্রাণ বাঁচাতে ছটফট করতে থাকে।
এসময় ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে এক পথচারীর নজরে আসে পুরো দৃশ্যটি। তিনি দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীর মা তাসনিপা একজন স্কুল শিক্ষিকা। সন্তানের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু একটি নিরীহ শিশুর ওপর এভাবে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বেতাগী থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
একটি জমি বিরোধ কীভাবে একটি শিশুর জীবনের ওপর সরাসরি আঘাত হয়ে দাঁড়াতে পারে, এই ঘটনা তার নির্মম উদাহরণ হয়ে থাকলো। এখন দেখার বিষয়, আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত ও কার্যকরভাবে এই নৃশংস ঘটনার বিচার নিশ্চিত করতে পারে।







