TT Ads

 

স্টাফ রিপোর্টার, বরিশাল:
কোটি কোটি টাকার জালিয়াতি, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অবশেষে আইনের জালে ধরা পড়লেন ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।

পুলিশ জানিয়েছে, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এই কর্মকর্তা দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নজরদারি চালিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি, প্রতারণা এবং সরকারি উন্নয়ন প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। অভিযোগ ওঠার পর থেকেই তিনি কর্মস্থল থেকে উধাও হয়ে যান এবং গত দুই সপ্তাহ ধরে অনুপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর এবং দীর্ঘদিন ধরে তিনি পরিকল্পিতভাবে প্রতারণা চালিয়ে আসছিলেন। এতে করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও মিলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মাধ্যমে প্রতারণা চক্রের আরও সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।

এদিকে, একজন সরকারি কর্মকর্তার এমন জালিয়াতি ও দুর্নীতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

TT Ads