চলমান সরকার বিরোধী এক দফার আন্দোলনে নিষ্ক্রিয়তার কারণে বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি কামরুজ্জামান দুলালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান গণ-আন্দোলনে বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম অনুপস্থিত থাকায় তার স্থলে মহানগর কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদুর রহমানকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান ওরফে মামুনকে বরিশাল মহানগর যুবদলের প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান বলেন, ৩৩ জন নেতার ভোটে মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

অন্যদিকে নৌকার প্রার্থী আমির হোসেন আমু, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা ও জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১% ভোটারের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও তা পরিবর্তন করে পরে বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে নৌকা প্রতীক দেন দলের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না।নির্বাচন জমে উঠেছে। কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক দল ছাড়া সবাই নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি বিএনপির অনেক নেতাও দলটির ভুল দর্শন পরিত্যাগ করে নির্বাচনে এসেছেন। নির্বাচনে ভরাডুবির আশঙ্কা এবং নীল নকশা বাস্তবায়ন হবে না বলেই দু-একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না।’

তিনি বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।’

ওসি এবং ইউএনও রদবদল নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার প্রশাসনিক রদবদল করছে না, কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আওয়ামী লীগের আপত্তি নাই।’

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা করছে বিএনপি। বিএনপি নেতা-কর্মী পাচ্ছে না। তাই ভাড়া করা টোকাই দিয়ে বোমা হামলা, পেট্রোল বোমা মারাসহ এসব অপকর্ম করছে। অনেকে বিএনপির নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ।

আগামীতে বিএনপির আরও অনেকে স্বাভাবিক রাজনীতির ধারায় আসবে জানিয়ে ওবায়দুল কাদের সাহস থাকলে তারেক রহমানকে রাজপথে আসার আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনসমর্থনের অভাবে তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। সেই কারণে তারা সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, হিংসা, চোরাগুপ্তা হামলা, নাশকতা করছে। স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে তারা রাজনীতিটাকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপি গণবিরোধী রাজনীতির সমর্থন না দিয়ে তারা জনগণকে শত্রু ভাবে। বেলাল হোসেনের মতো একজন নিরীহ বাস হেলপারকে ৮০ শতাংশ পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের নির্বাচন এলেই কিছু মানুষ বা গোষ্ঠী ষড়যন্ত্র করে। জনসমর্থহীন এসব গোষ্ঠী নির্বাচনে হেরে যাবে। সবসময় তারা পেছনের দরজা খোলা রাখে। পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

মোঃ শাহীন আলম
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

সাদা প্লাস্টিকের বস্তা ঝুলিয়ে যাত্রী বেশে তালতলি থানার সামনের সদর রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন দুই যুবক।তাদেরকে সন্দেহ হওয়ায় মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করেন। এ সময় ৫ লিটারের মাম পানির ৪ টি বোতলে ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সাথে সাথে তাদের আটক করে পুলিশ।

শনিবার (২ডিসেম্বর) সকাল ৬ টার দিকে বরগুনার তালতলী থানা সংলগ্ন মালীপাড়া সদর রোডে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া এলাকার মৃত অং লাউ এর ছেলে জয় (৩৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হাওলাদার (২৪)। পুলিশ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় উপ পরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলটি থামান। মোটরসাইকেলের পিছনে বসা রাখাইন যুবক জয় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে কি আছে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলেন। খাবার পানি আছে বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ তল্লাশি চালালে ৪ টি পানির বোতল থেকে ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খাঁন বলেন, চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও মাদক বহনকারী মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের একাংশ। শনিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতারা।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ২০১৮ সালে সদর আসনের জাতীয় নির্বাচন এবং সদ্য সমাপ্ত সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করে বক্তব্য রাখেন। দায়িত্বশীল পদে থেকে তিনি নির্বাচন নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের অপসারণ ও মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের বটতলা নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে সাতটার দিকের এ দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী। তিনি শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের তার মেয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ককের জয়শ্রী বটতলা নামকস্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম ওই গ্রামের মিজান মৃধার মেয়ে।

শনিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধারের পর শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পিতা মিজান মৃধা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজের শয়নকক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। তিনি আরও বলেন, বিগত দুই বছর পূর্বে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সাথে মিমের বিয়ে হয়েছিলো। সম্প্রতি দাম্পত্য কলহের জেরধরে মিম আমার (বাবার) বাড়িতে অবস্থান করছিলো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা থানায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে ইসি। ইসির তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫২ জন।

বরগুনার আমতলী বন্দরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে। সে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, গত বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওই দিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সাড়া পাচ্ছিল না। পরে মা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ওই বাড়িতে গতকাল রাতে ঝগড়া ঝাটি ও ডাকাডাকির শব্দ শুনেছি।

মাদরাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানি না?
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো: রফিকুল ইসলাম দুলাল (৫০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আমখোলার আকন বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দুলাল উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর আগস্তি গ্রামের আব্দুর রব সিকদারের ছেলে।

জানা গেছে, দুলাল শুক্রবার সকালে গলাচিপার হরিদেবপুর থেকে মোটরসাইকেলে চালিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন। আমখোলার আকন বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালী থেকে আসা আল্লাহর দান নামের একটি বাসের নিচে ঢুকে যান তিনি। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

চর আগস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম জানান, দুলাল তার চাচাত ভাই। তিনি ঢাকাতে সাব-কন্ট্রাকটারের কাজ করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং লাশের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।