বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বরগুনার জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৭)।

নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করতেন। তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকত। তাই ঈদের ছুটিতে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়েকে নিয়ে বরগুনায় বেড়াতে আসেন। পরে আজ সকালে তারা তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান।

সমুদ্র সৈকতে সবাইকে নিকে গোসল করতে নামেন মোস্তফা কাদের। উত্তাল থাকায় সাগরে নামার সঙ্গে সঙ্গে ঢেউ এসে সবাইকে সমুদ্রের মাঝে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাথির মোহাম্মাদ (৯) ও আরেক ছেলে আবদুল করিমকে (১৬) উদ্ধার করতে পারলেও গোলাম মোস্তফা ও স্ত্রীর বোনের মেয়ে জুইকে উদ্ধার করা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

 

নাসির বিশ্বাস, লিয়াকত ও আবুল হক নামে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ বড় একটি ঢেউয়ে সবাই বিচ্ছিন্ন হয়ে ডুবে যান। আমরা অনেক চেষ্টা করে ট্রলার নিয়ে তিনজনকে উদ্ধার করি।

তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবিব বলেন, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তারাও অভিযানে অংশ নেবেন।

 

দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে প্রথম স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি পৌরসভার প্যানেল মেয়র পলাশ তালুকদারের বিরুদ্ধে। রোববার (১০ জুলাই) ঈদের রাতে মারধর করলেও বুধবার (১৩ জুলাই) বিষয়টি জানাজানি হয়। মূলত আহত রেশমা বেগম (৩৫) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিলে সেখান থেকে তথ্য নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় আহত নারী তার স্বামী ও দেবরের বিরুদ্ধে নলছিটি থানায় অভিযোগ দিয়েছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ১৩ বছর আগে পারিবারিকভাবে নারায়ণগঞ্জের কাইয়ুমপুর এলাকার আলী আশাবের মেয়ে রেশমা বেগমের সঙ্গে ঝালকাঠির নলছিটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র পলাশ তালুকদারের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

রেশমা বলেন, পলাশ তালুকদার অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ছাড়া বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে ১৮ লাখ টাকা যৌতুক এনে দিয়েছি। বর্তমানে আরও ১০ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। ঈদের রাতে আমি বাড়িতে আসলে আমার স্বামী ও দেবর সোহাগ আমাকে মেরে গুম করার চেষ্টা করেছিল। প্রতিবেশীরা আমার চিৎকার শুনে প্রাণে রক্ষা করেছে।

রেশমার বাবা মো. আলী আশাব বলেন, আমার মেয়ে রেশমাকে মারধর করছে, তাকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ের চেষ্টা করছে। তাই রেশমার ওপর নির্যাতন করে সন্তানদের রেখে দেন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।

নলছিটি পৌরসভার প্যানেল মেয়র পলাশ তালুকদার বলেন, পারিবারিকভাবে আমার স্ত্রীর সঙ্গে বিরোধ চলছে। কয়েক বছর আগে আমার স্ত্রীর অত্যাচারে আমার বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ। আমার মা তাদের বাড়িতে বেড়াতে গেলে তাকেও অপমান করে বের করে দেন আমার স্ত্রী রেশমা। এ নিয়েই আমাদের মধ্যে বিরোধ চলে আসছে। আমি যৌতুকের জন্য আমার স্ত্রীকে নির্যাতন করিনি এবং তাকে মারধরও করিনি। আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আমার স্ত্রীর সঙ্গে মিলে আমার ক্ষতিসাধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) দায়িত্বরত পুলিশের এসআই আব্দুল জলিল বলেন, আমি পলাশ তালুকদারকে ফোন করেছিলাম বিষয়টি নিস্পত্তি করার জন্য, কিন্তু পলাশ আমাকে জানিয়ে দিয়েছেন তার স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে। এখন আর তিনি রেশমার সঙ্গে সংসার করবেন না।

 

মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। বাসটি পালিয়ে গেছে।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা এলাকায় রাজৈর পৌরসভা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আমবোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে আসা খুলনাগামী সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ড্রাইভার নওগাঁ জেলার পোসরা থানার সাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলেই মারা যান। তবে ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মাদারীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন আহত অবস্থায় রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

 

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বাউফল কালাইয়া এলাকার বাসিন্দা জামাল গাজীর ছেলে শান্ত গাজী (৮) ও ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বড় খান বাড়ির তৌহিদ খানের ছেলে মো. তাসরিফ খান (৩)। তারা দশমিনাতে বেড়াতে এসেছিল।

নিহত তাসরিফের দাদা মো. সরোয়ার খান বরিশালটাইমসকে জানান, সকালে সবার তাসরিফ নিখোঁজ হয়। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

 

বরিশাল সদর উপজেলায় নদীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার দুপুরে বন্দর থানা এলাকার কড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান।

নিহত সুজন মল্লিক (১৮) উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসহাক মল্লিকের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি ওষুধের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

সুজনের ভাই সবুজ বলেন, “ঈদের ছুটিতে সুজন বাড়িতে এসেছিল। মঙ্গলবার দুপুরে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে নামে। সবাই সাঁতরে নদীর অপর তীরে যায়।

ফেরার সময় একটি স্পিডবোটের ঢেউয়ের তোড়ে সুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। পরে রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়।

বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা অভিযান শুরু করেন। দুপুর ১২টার দিকে ঘাট থেকে ৩০ ফুট দূরে লাশটি পাওয়া যায়।

 

ভোলায় সুপারিবাগান থেকে ওবায়দুল (১৭) নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলা সদরের আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওবায়দুল ওই গ্রামের মৃত আব্দুলের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আরমান হোসেন জানান, সুপারি বাগান থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত চার দিনে ভোলা সদরে ৩টি খুনের ঘটনা ঘটল।

 

গত ১১ জুলাই সোমবার বরিশাল থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকায় এবং একটি ফেইসবুক পেইজে” মোবাইল চুরি বাড়লে বাড়ে হাফিজের অবৈধ মোবাইল ফ্ল্যাশ ব্যবসা”এই শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আমি কখনই কোন চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করিনি,চুরি যাওয়া মোবাইল ফ্লাশ সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে আইএমইআই পরিবর্তন করেনি,কোন অপরাধীর সাথে আমার কোন ধরনের সম্পর্ক নেই।
উক্ত সংবাদটিতে আরো উল্লেখ রয়েছে উজিরপুরের মা টেলিকম এর স্বত্বাধিকারী আনিচ আমার বিরুদ্ধে নানান মন্তব্য করেছে।কিন্তু আমি আনিচের সাথে মুঠোফোনে কথা বললে সে জানান, আমার সাথে কোন ধরনের সাংবাদিকদের সাথে কথা হয়নি।আমার সাথে(আনিচ) কথা না বলে অনলাইন পত্রিকাটিতে আমার বক্তব্য তুলে ধরেছে।তার আমি নিন্দা ও প্রতিবাদ জানাই।
মূলত- সংবাদে উল্লেখিত সমস্ত ঘটনা মিথ্যা ও বানোয়াট। দীর্ঘ ১৫ বছর যাবত সুনামের সহিত আমার এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।
প্রকৃত পক্ষে এক শ্রেনীর কূচক্রী মহল আমার ও আমার ব্যবসার দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে সাংবাদিক ভাইদেরকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক-
হাফিজ
গীর্জা মহল্লা ভেনাস মার্কেট,
প্রোপাইটর মোবাইল প্লাস দোকান।

 

বরিশার নগরীর পলাশপুর থেকে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে মরদেহ উদ্ধার করা হয় বলে মহানগরীর কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল নিশ্চিত করেছেন।ওই গৃহবধু হলেন তানিয়া বেগম (১৮)। তিনি পলাশপুর এলাকার দিনমজুর সাগর সিকদারের স্ত্রী।

ঘটনাস্থলে থাকা কাউনিয়া থানার এসআই তানজীল আলম জানান, স্বামী-স্ত্রী দুপুরে একসঙ্গে ঘুমিয়েছিলো। বিকেলে স্বামী সাগর ঘুম থেকে জেগে স্ত্রী তানিয়ার দেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে।

এসআই আরও জানান, ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবার দাবী করেছে।

তানিয়ার মরদেহ বরিশাল শের-ই বাংলা মে‌ডিক‌্যাল কলেজ হাসপাতালে রয়েছে জানিয়ে এসআই তানজীল বলেন, ময়না তদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ বলা যাবে না।

বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রহমান জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মেয়রের চাচা আলী হোসেন জানান, ৭নং পলাশপুর এলাকার খলিলুর রহমানের কন্যা তানিয়া। চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। পেশায় দিন মজুর জামাতা সাগর মাদকাসক্ত। ঠিকমতো আয় রোজগার করে না। তাই যৌতুকের জন্য প্রায়ই ভাতিজীকে মারধর করে।

চাচার অভিযোগ, এটা আত্মহত্যা নয়। হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

তানিয়ার মা জানান, সকালে কন্যা বাসা থেকে ৫০০ টাকা ও কবুতরের বাচ্চা নিয়ে স্বামীর বাসায় গেছে। তখন সে স্বাভাবিক ছিলো। তার মেয়ে আত্মহত্যা করতে পারে না বলে দাবি মায়ের। গলায় কোনো আঘাতের চিহ্ন নেই দাবি করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন বলে জানান তিনি।

বরিশাল নগরে নিয়ন্ত্রণহীন একটি মিনি ট্রাক রাস্তার পাশে গাছে আছড়ে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন চালক। মঙ্গলবার সকালে বরিশাল-পটুয়াখালী সড়কে রুপালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন হাওলাদার (২২) বরিশালের বানারীপাড়া উপজেলার কৃষ্ণপুরের বাবুল হাওলাদারের ছেলে। আহত চালক আলী হোসেন একই এলাকার মো. মোসলেম হোসেনের ছেলে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. মারুফ চিকিৎসাধীন চালকের বরাতে জানান, সোমবার রাতে ডিম নিয়ে পটুয়াখালী যান তিনি। সেখানে পণ্য খালাস করে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

“বরিশাল নগরীর রুপাতলী কাঠালতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে মিনি ট্রাকটি রাস্তার পাশে গাছের ওপর আছড়ে পড়ে।”

তিনি জানান, আহত চালক ও সহকারীকে উদ্ধার কওে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে। তার লাশ মর্গে রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবা ট্যাবলেটসহ অন্তর কর্মকার (২২) নামক এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত অন্তর কর্মকার উপজেলার টবগী ইউনিয়নের (মুলাইপত্তন) ৯নং ওয়ার্ডের প্রফুল্ল কর্মকার ও সমিতি রানী দে’র ছেলে৷

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুন) সকালে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধায়নে এসআই (নিঃ) মো. মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় অফিসার বগী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ০৯নং ওয়ার্ডস্থ মুলাইপত্তন এলাকার প্রসন্ন বাইনের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির। তিনি বলেন, আটককৃতর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।