নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীরের বিরুদ্ধে লুটের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলাটি করেন আকন ব্রিকসের মালিক মো. কামাল আকন।
কামাল জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আকন ব্রিকসের শ্রমিকদের সাপ্তাহিক মজুরী দেয়ার জন্য ৬ লাখ টাকা নিয়ে তিনি, তার ভাতিজা সাইফুল ইসলাম সুজন, ব্রিকসের ম্যানেজার মো. ইমরান ও রিজন হাওলাদার যাচ্ছিলেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা পৌছলে প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীরের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের এলোপাতাড়ি পেটায়। এ সময় সাইফুল ইসলাম সুজনের সাথে থাকা একটি ব্যাগে নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীরকে প্রধান আসামী করে তার শ্যালক বেল্লাল গাজী, আরিফ, আমানউল্লাহ, মনির, আবু কালাম, আল-আমিন ও হাচানসহ ৯ জনের বিরুদ্ধে ৬ লাখ টাকার লুটের মামলা দায়ের করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমাদুল হককে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বেতমোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমাদুল হক উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকফের আলীর ছেলে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ সাইফ বরিশালটাইমসকে জানান, ২০১৮ সালে আদালতে একটি এনজিওর করা টাকা আত্মসাৎ মামলায় এমাদুল হকের পাঁচ বছরের সাজা হয়। এ ছাড়া তাকে এক লাখ পাঁচ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, এমাদুলকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে নৌকাডুবিতে নুরে আলম সিকদার নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মগড় এলাকায় সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ষাটোর্ধ্ব নুরে আলম সিকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের হাশেম আলী সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়- মাটির তৈরি হাড়ি-পাতিল বিক্রি করার জন্য দুই শিশুকে নিয়ে নুরে আলম নৌকায় করে যাচ্ছিলেন। ঢাকাগামী বড় একটি লঞ্চ নদী দিয়ে যাওয়ার সময় স্রোত ও ঢেউ ওঠে। এতে নৌকায় থাকা নুরে আলম সিকদারসহ অপর দুই শিশু নৌকা উল্টে নদীতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বরিশালটাইমসকে বলেন, এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি। বিষয়টি নিয়ে ফেসবুক ও সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি। স্থানীয়ভাবেও কেউ কিছু এখনও জানাতে পারেননি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন বরিশালের কোতয়ালী থানায় মামলাটি করেন।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হামলা করে তাদের আহত করেছেন এই মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মহসিনউদ্দিন মামলাটি করেছেন। আমরা হামলার বিষয়ে তদন্ত করছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’

সাধারণ ছাত্র প্রতিনিধি মাহামুদুল ইসলাম তমাল জানান, শুক্রবার বিকেল ৫টায় আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এই ঘটনায় প্রশাসন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় সেজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সাধারণ ছাত্ররা অভিযোগ করেছেন, পরিবহন শ্রমিকরা সরকার দলীয় রাজনৈতিক মদদে এই হামলা চালিয়েছে। তারা পরিবহন শ্রমিক নেতা, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপনের নাম উল্লেখ করে গতকাল রাতে ক্যাম্পাসে প্রেস কনফারেন্স করে।

তবে, কাওসার হোসেন শিপন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি বা পরিবহন শ্রমিকরা এই হামলার সঙ্গে যুক্ত নয়।

বরিশালে ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছেন প্রতিপক্ষরা।

আহত শাহজাদা মোল্লা (৩০) নামের ওই নেতাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ২০নং ওয়ার্ড কলেজ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির যুগান্তরকে বলেন, জিলা স্কুল মাঠে সমাবেশ শেষ করে রাতে নিজ এলাকায় বাসার পাশেই একটি চায়ের দোকানে বসে ছিল শাহজাদা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু, কাদের এসে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাদার দুই হাতেই গুরুতর জখম হয়েছে। আহত শাহজাদা মহানগর ছাত্রদলের সহসভাপতি পদপ্রত্যাশী বলে জানান তিনি।

প্রসঙ্গত ছয় সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সম্মেলন হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ায় মহানগরের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের অনুসারীরা।

 

 

নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অপরাধে মাদক কারবারি আনছার আলী মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আনছার সাতক্ষীরা জেলার বেচনা এলাকার নেয়াম উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০২৯ সালের ১১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে গোল চত্বর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।এঘটনায় পরের দিন বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় । একই বছর ১০ জুন তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই আকতার হোসেন আসামি আনছারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ৪ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই সাজা দেন। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

নিজস্ব প্রতিবেদক ঃ অনিয়ম ও কারচুপির মাধ্যমে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারন আসনে আতিকুর রহমান শামীমকে কাউন্সিলর নির্বাচিত দেখিয়ে তার নাম গেজেটভুক্ত করায় নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহেল ভূইয়াকেও অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার যুগ্ম জেলা জজ ১ম আদালত এবং স্থানীয় সরকার নির্বাচন ২০২১ পৌরসভা নির্বাচনী ট্রাইব্যুনালে গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী সুমন মোল্লা মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক শায়েলা শারমিন মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্য করেন । আতিকুর রহমান শামীম উপজেলার গোবর্দ্ধন এলাকার মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে ও সোহেল ভূইয়া উত্তর বিজয়পুর এলকার মৃত শামসুল হক ভূইয়ার ছেলে। মামলা পরিচারনাকারি আইনজীবী আজাদ রহমান জানান, গত ৩১ জানুয়ারি বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারন আসনে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্টিত হয়। কাউন্সিলর পদে সুমন মোল্লা উট পাখি প্রতীকে ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতিকুর রহমান শামীম টেবিল ল্যাম্প ও অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহেল ভূইয়া ডালিম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকে আতিকুর রহমান শামীম নির্বাচন বিধিমালা ও আচরনবিধি ভঙ্গ করেন। বে-আইনি ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে আতিকুর রহমান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন ও সুমন মোল্লার সর্মথক ও এজেন্টদের ভয়ভীতি দেখান। আতিকুর রহমান নির্বাচন বিধি বর্হিভুত প্রায় ১ কোটি টাকা খরচ করেন। এর প্রভাবে ভোট গনণার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাপক কারচুপির আশ্রয় নিয়ে বাতিল হওয়া ৬৬ ভোটের মধ্যে অধিকাংশ বাতিল ভোট সুমন মোল্লার পক্ষে গণনা করেন। সুমন মোল্লা আপত্তি জানালেও কর্মকর্তারা তা কর্ণপাত করেন নাই। এছাড়া সুমন মোল্লার বৈধ ভোট প্রতিপক্ষ আতিকুর রহমান শামীমের লটের মধ্যে ডুকিয়ে তার পক্ষেই গণনা করেন। ফলে সুমন মোল্লাকে ২৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়। এঘটনায় একই দিন সুমর মোল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেন। এছাড়া ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আতিকুর রহমান শামীমের প্রার্থীতা বাতিল করা ও নির্বাচনী গেজেট স্থগিত করার আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কাছে নির্বাচন বাতিল, গেজেট স্থগিতসহ ব্যালট পেপার, মুড়িপত্র, বৈধ ভোট, বাতিলকরা ভোট পুনরায় গণনার আবেদন করেন সুমন মোল্লা। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কতৃপক্ষ তা আমলে না নেয়ায় গতকাল নির্বাচন বাতিল মামলাঠি দায়ের করা হয়।

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল আদালতের বানারীপাড়া সহকারী জজ আদালতের সেরেস্তাদার মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। ১৮ ফেব্রুয়ারী বুধবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ বিচারাধীন আদালত এ আদেশ দেন। মোফাজ্জলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চকবাজার শাখার সিনিয়র অফিসার হারুন অর রশিদ। এডভোকেট ইমতিয়াজ আহমেদ জানায়, অভিযোগে হারুন আদালতে বলেন অভিযুক্ত মোফাজ্জল বরিশাল নগরীর কাশিপুর গনপাড়া এলাকার বাসিন্দা মৃত্যু কাঞ্চন আলী মিয়ার ছেলে এবং বরিশাল আদালতের উচ্চমান সহকারী ও সেরেস্তাদার। তিনি ব্যক্তিগত টাকার প্রয়োজনে ২০১৭ সালের ১৩ মার্চ ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নেয়। তার কাছে এক লাখ ৭৬ হাজার ২ শ ৭৩ টাকা পাওনা হয়। টাকা ফেরত চাইলে সে গতবছর ২১ ডিসেম্বর সুদসহ পাওনা একলাখ ৭৬ হাজার ২ শ ৭৩ টাকার চেক দেয়। চেক নগদায়নের জন্য ২৩ ডিসেম্বর ”ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। গত ১৩ জানুয়ারী লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি লোন শোধ করেনি । এধরনের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে মোফাজ্জলকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ববি শিক্ষার্থীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথসভায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে ববি শিক্ষার্থীদের প্রতিনিধি আল-আমিন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেবে বলে জানিয়েছে। এ কারণে, আমরা সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

গতকাল সকালে বরিশালের বিআরটিএ কাউন্টারে ববির দুই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে বিআরটিএর এক শ্রমিক। এতে, ববি শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করলে বিআরটিএর ওই শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার জের ধরেই গতরাতে ববি ছাত্রদের মেসে গিয়ে তাদের ওপর হামলা চালায় শ্রমিকরা এবং এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ভোর থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। অবরোধস্থলে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি যাত্রীশূন্য বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরবর্তীতে, ববি শিক্ষার্থীরা এ ঘটনায় কর্তৃপক্ষ যেন মামলা করে, জড়িতদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং ববি কর্তৃপক্ষ যেন লিখিত দেয় যে, এ ধরনের ঘটনা আর ঘটবে না- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ তিন দাবি উপস্থাপন করেছিল বলে ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানিয়েছিলেন।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল মহানগরীর বাজার রোড ও কাকলির মোড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

বাজার রোড এলাকায় অভিযানকালে বিশ্বনাথ সাহা স্টোর্স নামক দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় মেসার্স পাক স্টোর্স, মোহনাতীর্থ ভান্ডার, মাতৃভান্ডার এবং সকাল সন্ধ্যা স্টোর্স নামক দোকানে বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন,

পরিমাণ, ব্যবহার- বিধি, সর্বোচ্চ বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ০৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অফিসার মোঃ শাহ শোয়াইব মিয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।