করোনার প্রাদুর্ভাবে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে তথ্য অধিদফতর।

সোমবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।

সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দেবরাজ (২) ও নন্দিনী (৬) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পারে খেলা করতেছিলো। স্থানীয়দের ধারনা, খেলার ছলে দেবরাজ পুকুরে পরে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পরে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি :: বরিশাল ও ঝালকাঠি বাস শ্রমিকদের মধ্যে মারামারির জেরে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।

ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, সোমবার (২২ মার্চ) রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন।

এদিকে, ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ২২ মার্চ ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন চরমোনাই বিশ্বাসের হাট নামক বাজারে জনৈক মোঃ দুলাল হাওলাদার এর মিষ্টির দোকানের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ২২ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ (তিন) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আলামিন হাওলাদার(২২), পিতাঃ মোঃ আঃ ছাত্তার হাওলাদার, সাং- ইছাগুড়া, (২) মোঃ মাহামুদ(২০), পিতাঃ মোঃ আবুল কালাম, সাং- মখরম প্রতাপ, (৩) মোঃ রাহাত হোসেন গাজী(২৬), পিতাঃ মোঃ আঃ ছালাম গাজী, সাং- চরমোনাই, সর্ব থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীদের নিকট থেকে ৭৬ (ছিয়াত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৫৫০ (পাঁচ শত) টাকা উদ্ধার করে।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।

 

নিজস্ব প্রতিবেদকঃ যৌতুক দাবীতে স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী পুলিশ সদস্য মিরাজ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২২ মার্চ সোমবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মারধরের শিকার স্ত্রী মিতু আক্তার মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ তা আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন মিরাজ মিয়ার মা শেফালি বেগম ও বোন রেখা বেগম। পুলিশ সদস্য মিরাজ মিয়া বরগুণা জেলার ফুল তলুয়া এলাকার মৃত হেমায়েত উদ্দিনের ছেলে। সে বর্তমানে ভোলা জেলার চর নেছারাবাদ পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত আছেন। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল ঝালকাঠি জেলার নলছিটি সরমহল এলাকার খলিলুর রহমানের মেয়ে মিতু আক্তারকে বিয়ে করেন নায়েক মিরাজ মিয়া। বিয়ের পর দাম্পত্য জীবনে জমি কিনতে ৫ লাখ টাকার জন্য সে তার স্ত্রী মিতু আক্তারকে প্রায়ই মারধর করে। মিরাজ মিয়ার নির্যাতনে মিতু আক্তার ভারসাম্যহীন হয়ে পড়লে স্থানীয়রা তা মিমাংশা করে দেয়। এতে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মিরাজ মিয়া স্ত্রী মিতু আক্তারকে ভোলা নিয়ে রাখেন। কিন্তু যৌতুক লোভী মিরাজ মিয়া কিছুদিন যেতে না যেতেই পুনরায় জমি কেনা বাবদ ৫ লাখ টাকার দাবীতে মিতু আক্তারকে মারধর শুরু করে। চলতি বছর ২৩ ফেব্রুয়ারি মিরাজ মিয়া ৫ লাখ টাকা যৌতুক দাবী করলে মিতু আক্তার তা অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি শেফালি বেগম ও ননদ রেখা বেগম তাকে শারিরীক নির্যাতন করে বাসা থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় ওই বছর ১৯ মার্চ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় মিতু আক্তারের বাবার ভাড়াটিয়া বাসায় শালিস বৈঠক বসে। ওই বৈঠকে শেফালি বেগম ও রেখা বেগম উপস্থিতিতে মিরাজ মিয়া পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। এছাড়া জমি কিনতে টাকা না দিলে মিতু আক্তারকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকী দেয়। এঘটনায় মামলাটি দায়ের করলে বিচারক ওই আদেশ দেন।

 

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল আদালতের এডভোকেট শুভাশিষ ঘোষের কর্মকাণ্ড অনৈতিক হওয়ায় আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক বরাবর চিঠি দিয়েছে আদালত। ২২ মার্চ সোমবার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ১ এর বিচারক যুগ্ম দায়রা জজ শায়লা শারমিন এ চিঠি ইস্যু করেন। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৪ আগস্ট নগরীর নাজির মহল্লা এলাকার মৃত্যু ক্ষিতিশ চন্দ্র দাসের দুই ছেলে অশোক কুমার দাস ও গৌতম কৃষ্ণ দাস বাদী হয়ে জেলা প্রশাসককে প্রতিপক্ষ করে মামলা দায়ের করেন। মামলায় তাদের পূর্বে পুরুষের নিলামে কেনা ভোগ দখলীয় জমি ভিপি সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অবমুক্ত করার দাবি জানানো হয়। ওই মামলায় এডভোকেট শুভাশিষ ঘোষ রাস্ট্রপক্ষের আইনজীবী (জিপি) হিসেবে দায়িত্ব ছিলেন। তিনি রাষ্ট্রের পক্ষে ২০১৭ সালের ১৬ নভেম্বর, ২৮ নভেম্বর, ২০১৮ সালের ১৫ জানুয়ারী, ১২ ফেব্রুয়ারী, ২২ ফেব্রুয়ারী, ২৮ মার্চ ও ৩০ আগস্ট আদালতে হাজিরা দাখিল করেন। মামলাটি বর্তমানে রি কল এ সাক্ষীর জন্য ধার্য্য রয়েছে। সোমবার নির্দিষ্ট তারিখে এডভোকেট শুভাশিষ ঘোষ ওকালত নামা দাখিল করে একই মামলার বাদীদের পক্ষে হাজিরা দাখিল করেন। শুভাশিষ ঘোষের এ কর্মকাণ্ড আদালতের কাছে নৈতিকতার পরিপন্থী প্রতীয়মান হয়। এতে আদালত আগামী ৯ মে মামলার রি কল এ সাক্ষীর জন্য দিন ধার্য্য করে আদেশের কপি আইনজীবী সমিতির সভাপতি বরাবর পাঠিয়ে দেন বলে আদালত সূত্র জানায়। উল্লেখ্য এডভোকেট শুভাশিষ ঘোষ বর্তমানে জিপির দায়িত্বে নেই। ওই মামলার কারনেই তাকে জিপির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় বলে আদালত সংশ্লিষ্টরা জানায়। মামলার অগ্রগতি করতে জেলা প্রশাসকের পক্ষ হতে এডভোকেট রহিম উদ্দিন খান বাদশাহকে তাকে সহযোগিতা করতে নিয়োগ দেয়া হয়। এডভোকেট রহিম উদ্দিন খান বাদশাহ আইন অনুযায়ী ওই মামলায় আদালতে দরখাস্ত দাখিল করলে এডভোকেট শুভাশিষ ঘোষ আপত্তি দাখিল করেন। এতে রাস্ট্র তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে জিপির দায়িত্ব থেকে সরিয়ে দেন।

 

নিজস্ব প্রতিবেদক ||

বরিশাল মহানগর ছাত্রদল নেতা অনিক তালুকদারে বাবা টিটু তালুকদারের প্রথম মৃত্যুবার্ষীকি পালন।
১১ নং ওয়ার্ড আর্শেদ আলী সড়কে তার নিজ বাস ভবনে দোয়া মোনাজাতে অনুষ্ঠা হয।এই সময়    উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইয়াছির আরাফাত মিন্টু,বি এম কলেজ ছত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শুভ শিকদার,কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা রোকন,১৪ নং ওয়ার্ড ছাত্রদলের বর্তমান যুগ্ন আহবায়ক,শাওন শরিফ, রাহাত হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনিক তালুকদার তার মৃত্যু বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।

বরিশালে ভেজাল পণ্য উৎপাদন ও পণ্যের গুণগত মান পরীক্ষা না করে বাজারজাত এবং নামিদামি ব্রান্ডের লোগোযুক্ত ভেজাল পণ্য অবৈধপথে সরবরাহ করার অপরাধে এক গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা নিখিল রায় জানান, বরিশাল নগরের ইসলাপাড়া এলাকার সবুজ ভিলা নামক দোতলা ভবনটিতে থাকা গোডাউন মালিকের প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফুড গ্রেড সিনথেটিক কালারসহ চুলের তেল, সাবান, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালিয়েছি। সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে নকল খাদ্যদ্রব্য রয়েছে।

বিএসটিআই এর কর্মকর্তারা যাচাই বাছাই করে দেখেছেন যে, এখান থেকে কাপড়ের রঙ ফুড কালারের মোড়কে কাঁচের বোতলে বাজারজাত করা হয়। অবৈধ ও নকল পণ্য মজুদ, সরবরাহ ও প্যাকেটজাত করা হয় এখানে বসে।
এছাড়াও এখানে নকল চকলেট, সাবান এবং তৈল সহ নানা পণ্য পাওয়া গেছে। এরপর বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম মোবাইল কোর্টে পারভেজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা নকল পণ্য ধ্বংস করা হয়।
উল্লেখ্য রোববার (২১ মার্চ) দিনগত রাত ১১টার দিকে বরিশাল নগরের ইসলামপাড়া রোড এলাকার সবুজ ভিলা নামক দোতলা আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এ গোডাউনটিতে বিভিন্ন ধরনের খাবারের জিনিস রয়েছে। বিশেষ করে কেক ও পুডিং বানানোর আনুমানিক ২০টির উপকরণ ওই গোডাউটিতে ছিলো। যারমধ্যে অভিযানের সময় কাগজের প্যাকেট, প্লাস্টিকের ছোট বোতল এবং টিনের কৌটায় কিছু উপকরণ প্যাকেটজাত করতে দেখা যায়। কিন্তু তারা গোডাউনে বসে প্যাকেটজাত করা এবং ভোগ্য পণ্যগুলোর বৈধতার স্ব-পক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি।

গোডাউন সূত্রে জানা গেছে, সবুজ ভিলার নিচতলায় ইস্ট, কাস্টার্ড পাউডার, কালো গোল মরিচের গুড়া, কেক ডেকোরেশেন, কোকো পাউডার, কর্ন ফ্লাওয়ার, আইসিং সুগার, আইসক্রিম পাউডার, ফুচকা মসলা, ব্যানানা ফ্লেভার, ওরেঞ্জ ফ্লেভার, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ও ভেনিলা ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল, বিট লবন পাউডার, আগার সহ ১৭টির অধিক পণ্য এখানে রয়েছে। এছাড়া গোডাউনে বেশকিছু ব্রান্ডের লোগোযুক্ত প্যাকেটে চকলেটসহ শিশুখাদ্য ও পণ্য রয়েছে।

ঘরের মধ্যেই প্যাকেটজাত করার কাজে নিয়োজিত মো. শাহিন জানান, তিনিসহ চারজন এখানে কাজ করেন। বাড়ির মালিকের ছেলে পারভেজ ঢাকায় চাকুরি করেন এবং এগুলো তিনিই সরবরাহ করেন। কিছু পণ্য সরাসরি কোম্পানির প্যাকেটজাত করা আর কিছু পণ্য এখানে বসে প্যাকেট করতে হতো তাদের।

ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) বেলা ১২ টায় নগরের কাশিপুরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আয়োজন করে বরিশাল বিভাগীয় কার্যালয়।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়েরর সহকারী পরিচালক মো. আলম হোসেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশালের সহকারী পরিচালক আসমা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরে ২৭ জন দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে দুই লাখ ২৪ হাজার টাকা যাকাতের অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর লেবুখালী সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গত ১৮ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, লেবুখালী সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০ টাকা, মিডিয়াম ট্রাক ৩৭৫ টাকা, বড় বাস ৩৪০ টাকা, মিনি ট্রাক ২৮০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ২২৫ টাকা, মিনিবাস-কোস্টার ১৯০ টাকা, মাইক্রোবাস ১৫০ টাকা, ফোর হুইল চালিত যানবাহন ১৫০ টাকা, সিডান কার ৯৫ টাকা, ৩-৪ চাকার মোটরাইজড যান ৪০ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, রিকশা, ভ্যান, সাইকেল এবং ঠেলাগাড়ি ১০ টাকা টোল নির্ধারণ করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য, লেবুখালী সেতুর কাজ শেষ পর্যায়ে। সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। বর্তমানে এর উভয় দিকে সাত কিলোমিটার জুড়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ চলছে। সেতুটি চার লেনবিশিষ্ট এক হাজার ৪৭০ মিটার (৪,৮২০ ফুট) দৈর্ঘ্যের।

পায়রা (লেবুখালী) সেতু নির্মাণ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম জানান, ২০২১ সালের মধ্যে সেতুর সার্বিক কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।