বরিশাল নগরীর নথুল্লাবাদ শরিফ হোটেলে এক যুবক খুন হয়েছে, এঘটনায় পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে আল-আমিন তার প্রেমিকার সাথে দেখা করতে শরিফ হোটেলের ৪র্থ তলার ২০৮ নং রুমে উঠে।

রুমে ওঠার কিছুক্ষণ পরেই গলায় ফাস দিয়েছেন বলে জানান আল-আমিনের প্রেমিকা।
মৃত্যুর খবর শুনে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে জানালে, ঘটনাস্থলে সিআইডি ও এয়ারপোর্ট থানা পুলিশ এসে আল-আমিনের লাশ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে থাকা বটতলার টোকাই মানিক, কসাই সুজন, পারভেজ, বিএম কলেজ এলাকার রাব্বি ও আল-আমিনের প্রেমিকা ছদ্মনাম সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আমাদের হেফাজতে নিয়েছি।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মানাতে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় নগরের সদররোড, চকবাজার, ফলপট্টি, কাঠপট্রি, বাজাররোড, নথুল্লাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় উভয়ের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্যকারী ১৫ জনকে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করছেন।

এদিকে মাস্ক না পরায় যেসব জনতাকে জরিমানা করা হয়েছে তারা বলছেন, এরপর ঘর থেকে বেরোলে মাস্ক পরবে রীতিমত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মান তালুকদারের বিরুদ্ধে দুই লাখ টাকা উৎকোচের বিনিময়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত এক সদস্য প্রার্থীর অবৈধ মনোনয়নপত্রকে বৈধ ঘোষনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল আঞ্চলিক সিনিয়র নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রধমধাপে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত বৃহস্পতিবার। ওই দিন সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০টি ও সাতটি ইউনিয়নে ৭৮ জন সংরক্ষিত ও ২২৬ জন সাধারণ সদস্যপদের প্রার্থীরা স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদারের অফিসে মাহিলাড়া ইউনিয়নের প্রার্থীদের যাচাই বাচাই অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা অভিযোগ করেন, মাহিলাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের পদপ্রার্থী মলিনা রানী দে’র জমাকৃত মনোনয়নপত্রে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর নামে ভুল লেখা হয়। ফলে সকলের সামনে নির্বাচন অফিসার বিষয়টি পরে দেখা হবে বলে রেখে দেন।
ওই ওয়ার্ডের প্রার্থী নাসিমা সোহানী (৪০) অভিযোগ করে বলেন, নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদার সকালে সিদ্ধান্ত না দিয়ে দুপুরে দুই লাখ টাকা উৎকোচ নিয়ে অবৈধ মনোনয়নপত্র বৈধ ঘোষনা করার মিশন নিয়ে কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে মিজানুর রহমান পূর্বে দাখিলকৃত ভুল মনোনয়নপত্রটি বাতিল করে নতুন করে তার অফিস সহকারী মিঠুনকে দিয়ে অফিসের মধ্যে নতুন করে মনোনয়নপত্র পুরন করে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।
নাসিমা সোহানী আরও অভিযোগ করেন, মিঠুন কর্তৃক নতুন করে ফরম পুরনের সময় আমার স্বামী রাশেদ রাঢ়ী বিষয়টি চ্যালেঞ্জ করলে অফিস সহকারী মিঠুন ফরম নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশালে জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে মোঃ মিঠুন বলেন, আমি পুরো ফরম পুরন করিনি। প্রার্থীর ভোটার নম্বর ভুল ছিলো, তাই স্যারের নিদের্শে তা সংশোধন করেছি। অভিযোগের ব্যাপারে নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদার বলেন, ছোট খাটো ভুল হলে তাতে মনোনয়নপত্র অবৈধ হয়না। তা সংশোধন করে দেয়ার বিধান রয়েছে। আমরা তাই করেছি। উৎকোচ নেয়ার অভিযোগ সঠিক নয়। বরিশাল আঞ্চলিক সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম বলেন, অভিযোগকারী প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপীল করার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অনিয়ম, নিজ কার্যালয়কে ঘুষের আখড়া ও সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে অসৌজন্যমূলক আচারনের বিস্তার অভিযোগ রয়েছে।

বরিশাল শের ‍ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অনিক বনিককে ফেনসিডিলসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চিকিৎসক অনিক বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা। তিনি হাসপাতাল ছাড়াও নগরীর প্রাইভেট ক্লিনিক আরিফ মেমোরিয়ালেও চেম্বার করেন।

 

মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের ‍এসআই খায়রুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে চেকপোস্ট চলাকালে অনিকের দেহ তল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রাতেই ফেনসিডিল আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের কড়া হয়।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ‍আদালতের জিআরও ‍এসআই ‍আশীষ পাল বলেন, তিনি শুনেছেন ‍আসামি চিকিৎসক অনিক ‍অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভতি করা হয়েছে। ‍এ কারণে আদালতে ‍আনা হয়নি

আগামী ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন থেকে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন চলাচল করবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের বরিশাল অফিসের ব্যবস্থাপক সঞ্চয় কুমার কুন্ডু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে আর বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। শুধুমাত্র বৃহস্পতিবার দিন ঢাকা থেকে ছেড়ে আসবে ৩টা ৩০ মিনিটে আর বরিশাল থেকে ছেড়ে যাবে ৪টা ৪০ মিনিটে। প্রতিটি টিকিটের মূল্য ভ্যাটসহ ৩ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিমানের ফ্লাইট সপ্তাহে সাতদিন এবং প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করবে। করোনার কারনে ২০২০ সনের ২১ মার্চ বিমানের সার্ভিস বন্ধ হয়ে যায়। বর্তমান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের একক প্রচেষ্টায় এ সার্ভিসটি পুনরায় শুরু করতে উদ্যোগ গ্রহন করেছে সরকার। আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশ বিমান চলাচল শুরু করবে।

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় এবং স্বামীর পক্ষে কাজ না করার অভিযোগ তুলে স্ত্রীকে তালাক দিয়েছেন কাউন্সিলর প্রার্থী এক বিএনপি নেতা। ভুক্তভোগী নারী এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য বৃহস্পতিবার (১৮ মার্চ) কেশবপুর পৌরসভা মেয়রের দপ্তরে লিখিত আবেদন করেছেন। ওই আবেদনপত্রে তিনি স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানষিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কেশবপুর পৌরসভা নির্বাচনে ১নং ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন সোহেল হাসান আইদ। তিনি পানির বোতল প্রতীকে নির্বাচন করেন। মাত্র ৩৮ ভোট পেয়ে জামানতও হারিয়েছেন। ওই নির্বাচনে তার জন্য কাজ না করার জন্য এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কাজ করা ও নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে স্ত্রী জামিলা পারভীনকে গত ২ মার্চ তিনি তালাক দিয়েছেন।

 

জামিলা জানান, তার স্বামী বিএনপির কর্মী হিসেবে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবাস করায় মানসিক দিক দিয়ে সব সময় উগ্র মেজাজের হওয়ায় দীর্ঘদিন ধরে তার ও তার সন্তানদের ওপর মানুষিক ও শারীরিক নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে কেশবপুর থানার অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে সোহেল হাসান আইদ বলেন, ‘জামিলা নৌকায় ভোট দিয়েছে কি দেয়নি সেটা বিষয় না। সে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আতিয়ার রহমানের উট পাখি মার্কার নির্বাচনী প্রচারণা করেছে। আমার সামনে অন্যের নির্বাচন করা, স্বামী হিসেবে মর্যাদাহানী ও অপমানকর মনে হওয়ায় তাকে তালাক দিয়েছি। এ ছাড়াও সন্ত্রাসীদের দিয়ে একাধিকবার সে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। যার প্রমাণ হাতে পাওয়ায় গত ২ মার্চ তালাক দেয়ার পর ১৫ মার্চ জামিলাসহ তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। সন্তানরা বড় হওয়ার পরও কেউ কম কষ্টে বউকে তালাক দেয় না, সেটা আপনাদের বুঝতে হবে।’

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বিষয়টি পারিবারিক ও খুবই অমানবিক। স্বামীর কাছে ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার শুনেছি। এখন অভিযোগের প্রেক্ষিতে দু’পক্ষকে নোটিশ করে ডেকে শুনানি গ্রহণ করে পারিবারিক আইন অনুযায়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৮ মার্চ মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ মোঃ সাইদুল হক সঙ্গীয় অফিসারবৃন্দ এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুর হযরত শাহজালাল( রঃ) সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার কাজুমুদ্দিন ( ৫০) এবং তার স্ত্রী কহিনুর বেগমকে ১২৪ পুরিয়া হিরোইন সহ আটক করেন।

আসামীরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

১০ বছরের সাজার (কারাদণ্ড) তথ্য গোপন করে সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জামাল মৃধাকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামাল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা পলাশ সরদার জানান, একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই প্রার্থী। কিন্তু সাজার তথ্য গোপন রেখে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শুক্রবার যাচাই-বাছাইয়ের সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একটি জামিনের কাগজ দেখান। যেটিরও মেয়াদ ২০১৯ সালে শেষ হয়েছে।

পরে থানা থেকে একটি ওয়ারেন্টের কাগজ আমাদের কাছে পাঠানো হলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি তাকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়।

 

অপরদিকে সরিকল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন কবিরাজ ও হালিম কবিরাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওই দুই প্রার্থীর প্রস্তাবকারি ও সমর্থনকারী একই ব্যক্তিরা হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় ঝালকাঠির নলছিটিতে মো. ইমাম হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৪ মার্চ রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। গ্রেপ্তার ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. শাহজাহান খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বাবা-মা ওমান প্রবাসী হওয়ায় ওই ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ৯ ফেব্রুয়ারি ওই ছাত্রীর নানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ নানাকে দেখাশুনা করতে ওই ছাত্রীর নানীও হাসপাতালে অবস্থান করেন৷ পরদিন (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার নিকটাত্মীয় ইমাম হোসেন তাকে ধর্ষণ করেন। ১১ ফেব্রুয়ারি সকালে নানী হাসপাতাল থেকে বাড়িতে এলে তার মোবাইলফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি মাকে (মামলার বাদি) জানায় ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে ওইদিনই ছাত্রীর নাম-পরিচয় গোপন করে একটি বেসরকারি ক্লিনিকে অসুস্থ ছাত্রীকে চিকিৎসা করান ইমাম হোসেনের বোন মিতু বেগম। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলতে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে ওমান থেকে ফিরে ওই ছাত্রীর মা ১৪ মার্চ থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, আসামির পরিবারের লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের স্টেশন রোড থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।

জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাতের পূর্ব সমরসিংহ গ্রামের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার বসত ঘরের বিল্ডিংয়ের গ্রীল কেটে কক্ষে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। এসময় তাকে ও তার স্ত্রীর মুখ বেঁধে মারধর করে স্টীলের আলমিরাতে থাকা পৌনে আট লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।